প্রথমবারের
মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার স্বপ্ন নিয়ে ভারতে এসেছিলেন স্টিভেন
স্মিথরা। কিন্তু একরাশ হতাশা নিয়েই বিদায় নিতে হয়েছে তাঁদের। তবে মেগ
ল্যানিংরা এখনো হাল ছাড়েননি। কাল দিল্লিতে সেমিফাইনালে ইংল্যান্ডকে ৫ রানে
হারিয়ে টানা চতুর্থবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে
পৌঁছে গেছে অস্ট্রেলিয়ার নারী দল। মেয়েদের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের কাছে
বরাবরই নতজানু অস্ট্রেলিয়া। ২৫ বার মুখোমুখি হয়ে ১৪ বারই হেরেছে তারা।
কিন্তু বিশ্বকাপের নকআউট পর্ব এলেই দান উল্টে যায়। ২০১২ ও ২০১৪ বিশ্বকাপে
ইংল্যান্ডকেই ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। এবারও সেটির
ব্যত্যয় হয়নি। এ ম্যাচে অবশ্য ইংল্যান্ডই ছিল ফেবারিট। গ্রুপ পর্বে অপরাজিত
থাকা ইংল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়াকে। বর্তমান
চ্যাম্পিয়নরা ১৩২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছিল অধিনায়ক মেগ ল্যানিংয়ের
৫৫ রানের ইনিংসটির কল্যাণে। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ ওপেনার অ্যালিসা হিলির।
তাড়া করতে নেমে শুরুটা ভালো ছিল ইংল্যান্ডের। দুই ওপেনার ১০ ওভারেই
করেছিলেন ৬৭ রান। ১৩.৩ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ৮৯/১। ৩৯ বলে ৪৪
রানের সহজ লক্ষ্যটাকে একটু পরেই কঠিন বানিয়ে ফেলেন ইংলিশ ব্যাটাররা। ২৩ বলে
মাত্র ১৪ রানের মধ্যে ৪ উইকেট হারায় ইংল্যান্ড। যার মূল্য চুকাতে হয়েছে
মাত্র ৫ রানে ম্যাচ হেরে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment