Saturday, March 19, 2016

শঙ্কা ছাপিয়ে প্রতীক্ষা ভোট উৎসবের, চকরিয়া পৌরসভা নির্বাচন কাল by এস এম হানিফ

আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর গণসংযোগ। প্রথম আলো
কক্সবাজারের চকরিয়া পৌরসভায় গতকাল শুক্রবার শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত ছিলেন মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা। আওয়ামী লীগ ও বিএনপির দুই মেয়র পদপ্রার্থী গতকাল দিনভর গণসংযোগ ও পথসভা করে সময় কাটিয়েছেন। কাল রোববার এ পৌরসভায় ভোট গ্রহণ করা হবে।
মেয়র পদে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম হায়দার। তিনি বর্তমান মেয়র ও চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি। আওয়ামী লীগের প্রার্থী আলমগীর চৌধুরী। তিনি চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। গতকাল জুমার নামাজের পর দুই প্রার্থী শেষবারের মতো গণসংযোগ করেন।
আলমগীর চৌধুরী পৌরসভার সোসাইটিপাড়া, ভরামুহুরী ও কাহারিয়া ঘোনা এলাকায় গণসংযোগ করেছেন। নুরুল ইসলাম হায়দার পৌরসভার মাস্টারপাড়া, হাসপাতালপাড়া, থানা রাস্তার মাথা এলাকায় গণসংযোগ করেছেন। দুই দলের কর্মী-সমর্থকেরা ঘরে ঘরে গিয়ে ভোট চেয়েছেন।
বিএনপির মেয়র পদপ্রার্থীর গণসংযোগ। ছবি: প্রথম আলো
৬ নম্বর ওয়ার্ডের নিজপানখালী গ্রামের ভোটার মো. হাসনাইন রহমান বলেন, এত দিন নির্বাচন নিয়ে ভোটারদের মনে শঙ্কা ছিল। তবে দুই প্রার্থীর গত তিন দিনের গণসংযোগে শঙ্কা ছাপিয়ে এখন উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। এ পরিবেশ ভোটের দিন বজায় থাকবে, এমন আশা সবার।
আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আলমগীর চৌধুরী বলেন, ‘গত পাঁচ বছরে বর্তমান মেয়র পৌরসভাকে ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত করেছেন। কোথাও উন্নয়ন করেননি। যা এখন ভোটাররা পরিবর্তন চাইছেন।’
তবে বিএনপির মেয়র পদপ্রার্থী নুরুল ইসলাম হায়দারের দাবি, জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে তাঁর বিজয় কেউ ঠেকাতে পারবে না।
চকরিয়া পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, সুষ্ঠুভাবে ভোট নিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
কক্সবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো শঙ্কা ছাড়াই ভোটাররা ভোট দিতে পারবেন।

No comments:

Post a Comment