Saturday, March 12, 2016

এবার চিন্তার নাম বৃষ্টি by ইশতিয়াক পারভেজ

ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় বাংলাদেশের সামনে উপস্থিত নানা রকম চ্যালেঞ্জ। এর মধ্যে অন্যতম এই স্থানের কন্ডিশন। আগে থেকেই জানা ছিল হিমালয়ের কোল ঘেঁষা ধর্মশালায় বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ হবে শীতল বাতাস ও প্রচণ্ড ঠাণ্ডা। কিন্তু আরও একটি প্রতিপক্ষ অপেক্ষা করছিল। সেটি বৃষ্টি। এপ্রিল  থেকে ধর্মশালায় বৃষ্টির প্রকোপ শুরু হয়। গতকাল থেকে হিমালয়ের পর্বতমালার বাধা পেরিয়ে মেঘ জমতে শুরু করে। ধীরে ধীরে মেঘে ঢাকা পড়ে বরফে ঢাকা সুউচ্চ পাহাড় চূড়াগুলো। এরপর থেমে থেমে শুরু হয় বৃষ্টি। কয়েক দফা বৃষ্টি থামার সংকেত দিলেও শেষ পর্যন্ত অঝরে ঝরতে শুরু করে। আর তাতেই বাংলাদেশ সময় বিকাল পাঁচটা ২৭ মিনিটে দিনের প্রথম ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। এই ম্যাচে ওমানের প্রতিপক্ষ ছিল  নেদারল্যান্ডস। এর আগে ম্যাচ রেফারি পাই ক্রফট মাঠ পরিদর্শনে যান। কিছুক্ষণ পর ফিরে এসেই তিনি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা দেন। আবহাওয়ার বার্তা অনুযায়ী সন্ধ্যার পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও প্রবল সেই সময় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। গতকাল দুপুর সাড়ে তিনটায় উইকেট ও  মাঠের কভার সরিয়ে নেয়া হয়। দুই দল প্রস্তুত হয়ে ছিল মাঠে জাতীয় সংগীতের জন্য। কিন্তু তখনই শুরু হয় জমে থাকা মেঘবৃষ্টি বৃষ্টি হয়ে ঝরতে শুরু করে। এরপর আর থামার নাম নেই। ধীরে ধীরে পুরোমাঠ ঢেকে ফেলা হয় কভার দিয়ে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ হারায় নেদারল্যান্ডকে।  সেদিনই আয়ারল্যান্ডকে হারিয়ে বড় অঘটনের জন্ম দেয় এশিয়ার নতুন ক্রিকেট দল ওমান। প্রথম ম্যাচ জিতে ওমান ও বাংলাদেশ একই সমান পয়েন্ট অর্জন করে। কিন্তু গতকাল নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়াতে ওমানের এখন ২ ম্যাচে ৩ পয়েন্ট। যদি রাতে বাংলাদেশ আয়ারল্যান্ড ম্যাচটি না হয় সেই ক্ষেত্রে দুই দলের পয়েন্ট হবে সমান সমান। তাই বাছাই পর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে ওমানের বিপক্ষে জিতেই নিশ্চিত করতে হবে সুপার ১০-এ যাওয়ার টিকিট। কারণ আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস এরই মধ্যে নিজেদের প্রথম ম্যাচ হেরে শুরু করেছে। গতকাল বৃষ্টির কারণে দুটি ম্যাচ পরিত্যক্ত হলে তারা একটির বেশি পয়েন্ট পাচ্ছে না। তাই শেষ ম্যাচে দুই দলের মধ্যে যেই জিতুক না কেন তাদের বাছাই পর্ব উৎরাবার কোনো উপায়ও নেই। আর আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ  হারলেও বাংলাদেশকে অপেক্ষা করতে হবে মেষ ম্যাচ পর্যন্ত।
ধর্মশালার আবহাওয়ার পূর্বাভাস বলছে ১৪ই মার্চ পর্যন্ত এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই শেষ পর্যন্ত সবগুলো ম্যাচ মাঠে গড়াবে কিনা তা নিয়েও রয়েছে যথেষ্ট সন্দেহ। গতকালের আবহাওয়ার পূর্বাভাস অনুসারে সন্ধ্যায় তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। রাতে সেটি ১০ ডিগ্রিরও নিচে নেমে যাবে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতও হবে যা চলবে আগামী ৩ দিন পর্যন্ত। বাংলাদেশ দলের শেষ ম্যাচটি ওমানের বিপক্ষে সন্ধ্যা সাতটায়। সেই সময় তীব্র শীত ও বাতাসের সঙ্গে বৃষ্টি হবে টাইগারদের জন্য আরও বড় চ্যালেঞ্জ। কারণ টি-টোয়েন্টি ক্রিকেটে যে কোনো দলের শক্তিই প্রায় সমান সেখানে ওমান যদি এই কন্ডিশনে নিজেদের সেরাটাই খেলে ফেলে তাহলে বাংলাদেশের জন্য কঠিন হয়ে যাবে। তবে আশার আলোও দেখছেন অনেকে। কারণ বর্তমানে বাংলাদেশের পেস আক্রমণ বিশ্বসেরা। তাই বৃষ্টির কারণে এখানে তাসকিন, আল আমিন, মাশরাফিরা বেশি সুবিধা নিতে পারবে। মূল কথা শেষ ম্যাচে বাংলাদেশকে নিজেদের সেরাটা দিয়ে জয় ছিনিয়ে আনতে হবে সুপার টেন নিশ্চিত করার জন্য।

No comments:

Post a Comment