Thursday, March 10, 2016

মুসা বিন শমসেরের দেয়া তথ্য ভুল, দুদকের মামলা

বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে আলোচিত অস্ত্র ব্যবসায়ী মুসা বিন শমসেরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে মামলা দায়েরের বিষয়টি অনুমোদনের পরেই বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করা হয়।
দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী এ মামলা দায়ের করেন। তার বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ এবং সম্পদের মিথ্যা তথ্য দেয়ায় ২৬ (১) ও (২) ধারায় মামলা করা হয়। মামলা নং ১৩। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান।
দুদক সূত্র জানায়, মূসা বিন শমসের তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে সুইস ব্যাংকে ১২শ কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৩ হাজার ৬০০ কোটি টাকা (প্রতি ডলার ৭৮ টাকা হিসাবে) রয়েছে বলে উল্লেখ করেছেন। কিন্তু এই টাকা অর্জনের ব্যাপারে বৈধ কোনো উৎস দেখাতে পারেননি। এছাড়া ওই সম্পদ বিবরণীতে গাজীপুর ও সাভার এলাকায় তার নামে প্রায় এক হাজার দুই শ' বিঘা সম্পত্তির কথা উল্লেখ আছে, যা দুদকের অনুসন্ধানে মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।
আর তার নামে সুইস ব্যাংকে যে বিপুল পরিমান টাকা আছে তা কীভাবে বা কোন দেশ থেকে জমানো হয়েছে তারও কোনো বৈধ পথ এবং দালিলিক প্রমাণ দিতে পারেননি। এজন্য তার বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগটিও আনা হয়েছে। আর তিনি এসব মিথ্যা বিবরণী প্রতারণার উদ্দেশ্যে দিয়েছেন বলে দুদকের অনুসন্ধানে প্রতীয়মান হয়।
উল্লেখ্য, ডেটকো গ্রুপের মালিক মুসা বিন শমসের। তার দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই-বাছাই ও অনুসন্ধানে গত ৪ জানুয়ারি দ্বিতীয়বারের মতো তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিলেন অনুসন্ধানী কর্মকর্তা। কিন্তু একদিন আগেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ ডেথ ফোবিয়ার (মৃত্যু আশঙ্কা) কথা জানিয়ে হাজিরা দিতে তিন মাসের সময় চেয়ে আবেদন করেন তিনি। পরে তাকে গত ২৮ জানুয়ারি দ্বিতীয় দফা দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

No comments:

Post a Comment