Thursday, April 28, 2016

রাজধানীতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

 রাজধানীর খিলগাঁও থানার সিপাহীবাগে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, গৃহবধূকে তাঁর স্বামী হত্যা করেছেন।  গতকাল বুধবার রাতে ওই গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে থাকা তথ্য অনুযায়ী, গৃহবধূর নাম মাকসুদা আক্তার (২২)। তাঁর স্বামীর নাম মো. জাহিদ হোসেন। স্বজনদের ভাষ্যের বরাত দিয়ে হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাতে বাসার সিলিং ফ্যানের সঙ্গে মাকসুদার ঝুলন্ত দেহ পাওয়া যায়। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। স্বজনদের অভিযোগ, টাকার জন্য মাকসুদাকে তাঁর স্বামী প্রায়ই নির্যাতন করতেন। একই কারণে তিনি মাকসুদাকে হত্যা করে তাঁর লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছেন। অভিযোগের বিষয়ে মাকসুদার স্বামীর বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তিনি পলাতক। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, গৃহবধূর লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে তাঁর মৃত্যুর কারণ জানা যাবে। তবে স্বজনেরা গৃহবধূর স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছেন। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকাল নাগাদ মামলা হয়নি।

No comments:

Post a Comment