Thursday, April 28, 2016

গ্যাসের দাম বাড়ালে বস্ত্র খাত ক্ষতিগ্রস্ত হবে

ঢাকায় গতকাল ওয়ার্ল্ড কটন আউটলুক সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে
বক্তব্য দেন বিটিএমএর সভাপতি তপন চৌধুরী। এতে প্রধান অতিথি
ছিলেন (মাঝে) বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম
নতুন করে গ্যাসের দাম বাড়ালে তৈরি পোশাকশিল্পের কাঁচামাল জোগানদাতা বস্ত্র খাত ক্ষতিগ্রস্ত হবে। পণ্যের উৎপাদন খরচ বাড়বে, প্রতিযোগিতা সক্ষমতা কমবে। ভারত থেকে সুতা ও তুলা আমদানি বেড়ে যাবে। দুই দিনব্যাপী ওয়ার্ল্ড কটন আউটলুক সামিটের উদ্বোধনী অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনে ঘুরেফিরে গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে এভাবেই উদ্বেগ প্রকাশ করলেন বস্ত্রকলমালিকদের সংগঠন বিটিএমএর নেতারা। তাঁরা বলছেন, গত সেপ্টেম্বরে গ্যাসের দাম এক দফা বাড়ানো হয়েছে। আবারও গ্যাসের দাম ১৩০ শতাংশ বৃদ্ধির চিন্তাভাবনা করা হচ্ছে। এটি হলে বস্ত্র খাত মুখ থুবড়ে পড়বে। রাজধানীর ওয়েস্টিন হোটেলে গতকাল বুধবার সকালে সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিটিএমএর সভাপতি তপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন ও আইবিসি এশিয়ার কনফারেন্স ডিরেক্টর উইন মিন। সামিটের যৌথ আয়োজক বিটিএমএ ও সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান আইবিসি এশিয়া। পরে সংবাদ সম্মেলনে তপন চৌধুরী বলেন, সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে পোশাকশিল্পের পশ্চাৎমুখী সংযোগশিল্প হিসেবে বস্ত্র খাত শক্ত অবস্থানে দাঁড়িয়ে গেছে। তবে গ্যাসের দাম বাড়ানো হলে সত্যি সত্যি খাতটি ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, ‘আমরা বুঝছি, গ্যাসের মজুত শেষ পর্যায়ে। নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কৃত না হলে ভবিষ্যতে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি করেই চলতে হবে। তাতে দাম অনেক বেড়ে যাবে।’ তাই প্রয়োজনে ধাপে ধাপে গ্যাসের দাম বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান বিটিএমইএর সভাপতি। ইয়ুথ স্পিনার্সের ব্যবস্থাপনা পরিচালক মোসতেনসার বিল্লাহ বলেন, ‘ভারত থেকে এখনো অনেক সুতা আমদানি হয়। দামের কারণে আমরা প্রতিযোগিতা করতে পারছি না। আবার গ্যাসের দাম বাড়ালে আমাদের অস্তিত্ব কোথায় গিয়ে দাঁড়াবে, আমরা জানি না।’ বিটিএমএর সহসভাপতি ফজলুল হক বলেন, ‘আজ তুলা নিয়ে কথা বলার বদলে আমরা গ্যাস-বিদ্যুতের দাম নিয়ে বলছি। কারণ, আমরা অনিশ্চয়তার মধ্যে আছি।’ বস্ত্রকলমালিকেরা বলেন, ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৪ টাকা ৩৬ পয়সা থেকে বৃদ্ধি করে ৮ টাকা ৩৬ পয়সা করা হয় গত ১ সেপ্টেম্বর। সম্প্রতি সেটি ১৩০ শতাংশ বৃদ্ধি করে ১৯ টাকা ২২ পয়সা করার প্রস্তাব করা হয়েছে। গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির সময় শিল্পের সক্ষমতা বিবেচনায় নেওয়া হয় কি না জানতে চাইলে বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, সরকার দীর্ঘমেয়াদি ও টেকসই প্রবৃদ্ধির কথা চিন্তা করেই গ্যাস-বিদ্যুতের দাম বাড়ায়। সব পক্ষের কথা বিবেচনায় নিয়ে এমনটি করা হয়। শিল্পের ক্ষতি হয় এমন সিদ্ধান্ত সরকার নেয় না। কটন সামিট বিষয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ বর্তমানে বিশ্বের সর্বোচ্চ তুলা আমদানিকারক দেশ। তুলা আমদানিকারক ও সরবরাহকারীর মধ্যে অনেক ধরনের সমস্যা হয়। ফলে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়, যা কিনা পরে সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটায়। এই সামিটে সমস্যাগুলোর সমাধান এবং তুলার সহজলভ্য ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিয়ে আলোচনা হবে। দুই দিনব্যাপী ওয়ার্ল্ড কটন আউটলুক সামিটে তুলা ও বস্ত্র খাতের বিভিন্ন বিষয়ে ১৫টি অধিবেশন থাকছে। বাংলাদেশের স্পিনিং মিলও তুলা ক্রয়-বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। এ ছাড়া দেশি-বিদেশি ব্যবসায়ী উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, বস্ত্র খাতের স্পিনিং, উইভিং ও ডাইং-প্রিন্টিং-ফিনিশিং কারখানার জন্য নিট পোশাকে ৮০-৮৫ শতাংশ মূল্য সংযোজন আছে। এটি উৎসাহব্যঞ্জক। অন্যদিকে ওভেন পোশাকে ৩৫-৪০ শতাংশ মূল্য সংযোজন হচ্ছে। এটি ভালো, তবে এখানে নতুন বিনিয়োগের অনেক সুযোগ আছে। তিনি বস্ত্র খাতে বিনিয়োগের আহ্বান জানান। মির্জা আজম আরও বলেন, ‘আমরা বস্ত্রনীতি প্রায় চূড়ান্ত করে ফেলেছি। এটি হলে বস্ত্র ও পোশাক খাতের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।’

No comments:

Post a Comment