Thursday, April 28, 2016

শেয়ারবাজারের সূচক আরও তলানিতে

শেয়ারবাজারের সূচক গতকাল বুধবার আরও তলানিতে নেমেছে। দিন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১ শতাংশ বা ৪৩ পয়েন্ট কমেছে। এর ফলে ডিএসইএক্স নেমে এসেছে প্রায় ৪ হাজার ২৩৯ পয়েন্টে। এর মাধ্যমে সূচকটি ফিরে গেছে প্রায় এক বছর আগের অবস্থানে। সর্বশেষ গত বছরের ৭ মে ডিএসইএক্স ৪ হাজার ১২২ পয়েন্টে ছিল। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটিও প্রায় ১ শতাংশ বা ১৪৫ পয়েন্ট কমে নেমে এসেছে ১৩ হাজার ৪৭ পয়েন্টে। আগের দিনের মতো গতকাল দুই বাজারে বড় ধরনের দরপতন ঘটে। তবে উভয় বাজারে লেনদেনের পরিমাণ বেড়েছে। ঢাকার বাজারে গতকাল লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২২৪টি বা প্রায় ৭১ শতাংশের দাম কমেছে। বেড়েছে মাত্র ৫৩টির আর অপরিবর্তিত ছিল ৪০টির দাম। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৩৫৬ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৩ কোটি টাকা বেশি।
চট্টগ্রামের বাজারে গতকাল ২৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৬৭টিরই দাম কমেছে, বেড়েছে ৩৮টির আর অপরিবর্তিত ছিল ৩১টির দাম। সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ৬ কোটি টাকা বেশি।

No comments:

Post a Comment