![]() |
| বোকো হারাম |
অপহৃত দুই শতাধিক শিশুর মধ্য ১৫টিকে নিয়ে করা একটি
ভিডিওচিত্র নাইজেরিয়ার সরকারের কাছে পাঠিয়েছে দেশটির জঙ্গিগোষ্ঠী বোকো
হারাম। ঠিক দুই বছর আগে চিবুক শহর থেকে ওই মেয়েশিশুদের অপহরণ করে
জঙ্গিগোষ্ঠীটি। ভিডিওচিত্রটি গত ডিসেম্বরে ধারণ করা বলে মনে হয়। ভিডিওচিত্রে কালো কাপড়
পরা ওই ১৫ শিশু নিজেদের অপহরণের শিকার শিশু বলেই উল্লেখ করে। এই শিশুদের
মধ্যে কয়েকজনকে তাদের বাবা-মা ইতিমধ্যে শনাক্ত করেছে। ২০১৪ সালের ১৪ মে
মাসের পর অপহরণের শিকার শিশুদের মধ্যে এই প্রথমবারের মতো এই শিশুদের
ভিডিওচিত্রে দেখা গেল। অপহরণের পর বোকো হারামের পক্ষ থেকে সরকারকে
প্রস্তাব দেওয়া হয়, কারাগারে থাকা বোকো হারামের শীর্ষ পর্যায়ের নেতাদের
মুক্তি দেওয়া হলে এই শিশুদেরও ছেড়ে দেওয়া হবে। এই প্রস্তাব না মানলে
শিশুদের ইসলাম ধর্মে দীক্ষিত করা হবে এবং তাদের বোকো হারামের সদস্যদের
সঙ্গে বিয়ে দেওয়া হবে। গত মার্চে শিশুদের উদ্ধারের জন্য জোর তৎপরতা
চালাতে সরকারের প্রতি দাবি জানিয়ে রাজধানী আবুজায় বিক্ষোভ করেন বাবা-মা ও
অভিভাবকেরা। আবুজা থেকে বিবিসির প্রতিনিধি জানান, বিক্ষোভে অভিভাবকেরা
অভিযোগ করেন, শিশুদের উদ্ধারে আগের সরকারে তেমন কোনো চেষ্টাই করেনি।
নতুন সরকারকে অপহৃত শিশুদের উদ্ধারে জোর চেষ্টা চালাতে হবে। নাইজেরিয়ার
বোর্নো রাজ্যের চিবুক শহরের একটি সরকারি স্কুলের বোর্ডিং থেকে বোকো
হারাম মোট ২৭৬ মেয়েশিশুকে অপহরণ করে। এরপর কয়েক মাসে ৫৭ শিশু নানাভাবে
পালিয়ে আসতে সক্ষম হলেও এখনো ২১৯ শিশু বোকো হারামের হাতে বন্দী রয়েছে।

No comments:
Post a Comment