![]() |
| প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় ও রাহুল রাজ সিং |
ভারতীয়
টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘বালিকা বধূর’ পরিচিত মুখ বাঙালি অভিনেত্রী
প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের ‘মাথা খেয়েছিলেন’ তাঁর প্রেমিক
অভিনেতা-প্রযোজক রাহুল রাজ সিং। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগ
তুলেছেন প্রত্যুষার মা সোমা বন্দ্যোপাধ্যায়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
এদিকে এই মামলায় প্রত্যুষার প্রেমিক রাহুল রাজের আগাম জামিনের আবেদন আজ
বৃহস্পতিবার নাকচ করে দিয়েছেন আদালত। সাক্ষাৎকারে প্রত্যুষার মা সোমা
বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাহুল প্রত্যুষার মাথা খেয়েছিল। সে প্রত্যুষাকে
বিশ্বাস করাতে পেরেছিল যে আমি তাঁর শত্রু।’ তিনি বলেন, ৩১ মার্চ প্রত্যুষার
সঙ্গে তাঁদের শেষবারের মতো ফোনে কথা হয়। তখন তাঁকে খুব অসহায় ও ভীত মনে
হয়েছিল। তাঁর বাবা তাঁকে বলেছিল, যে করেই হোক সে ও রাহুল যেন সুখী থাকে।
যদি বিয়ে করার ইচ্ছে থাকে, তাহলে তাঁরা যেন দ্রুত তা করে ফেলে। প্রত্যুষা
এতে মত দিয়েছিল।’ রাহুলের পক্ষের আইনজীবী নীরাজ গুপ্ত মানবিক কারণে গতকাল
বুধবার তাঁর মামলা থেকে সরে যান। পরে তাঁর নতুন আইনজীবী অশোক সারোগি আজ
বৃহস্পতিবার তাঁর পক্ষে আদালতে জামিনের আবেদন করেন। আদালত সেই আবেদন নাকচ
করে দেন। রাহুল হাসপাতালে চিকিৎসাধীন থাকায় আদালতে উপস্থিত ছিলেন না। এ
সময় আদালতে প্রত্যুষার পরিবারের লোকজনের সঙ্গে হীর প্যাটেল নামের একজন
মডেলও উপস্থিত ছিলেন। শুনানি শেষে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন,
রাহুল তাঁর সঙ্গেও প্রতারণা করেছিল। এর আগে গত মঙ্গলবার প্রত্যুষার মা সোমা
বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতেই বাঙ্গুর নগর থানার পুলিশ রাহুলকে
আটক করে। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। তবে রাহুল হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার প্রত্যুষার বাবা শঙ্কর বন্দ্যোপাধ্যায় ও মা সোমা
বন্দ্যোপাধ্যায় এক সংবাদ সম্মেলনে রাহুলের ফাঁসি অথবা যাবজ্জীবন কারাদণ্ড
দাবি করেছেন। তাঁদের অভিযোগ, রাহুল প্রত্যুষার পুরো জীবনকে নিয়ন্ত্রণ
করতেন। তিনি প্রত্যুষাকে মারধর করতেন। মা-বাবার সঙ্গে যোগাযোগ রাখলে
প্রত্যুষার সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ ঘটাবেন বলেও হুমকি দিয়েছিলেন রাহুল। এ
কারণেই প্রত্যুষা মা-বাবাকে ছেড়ে আলাদাভাবে থাকতেন। রাহুলের নয় বছর
বয়সী একটি সন্তানও আছে বলে সম্প্রতি প্রত্যুষা জানতে পেরেছিলেন।
প্রত্যুষার বাবা শঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আমি মেয়েকে হারিয়েছি।
আর হারানোর কিছু নেই। কিন্তু রাহুল শাস্তি না পেলে আমি শান্তি পাব না। তাঁর
মৃত্যুদণ্ড বা আজীবন কারাদণ্ড হওয়া উচিত। আমার মেয়ের মতো যেন অন্য কোনো
মেয়েকে এভাবে চলে যেতে না হয়।’ গত সোমবার প্রত্যুষার বন্ধু কাম্য
পাঞ্জাবি ও বিকাশ গুপ্ত মুম্বাইতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ
সম্মেলনে তাঁরা জানান, প্রত্যুষা ও রাহুলের সম্পর্কের মধ্যে অনেক ঝামেলা
ছিল। তাঁদের অভিযোগ, প্রত্যুষা বিশ্বাস করত যে রাহুল তাঁর সঙ্গে প্রতারণা
করেছে এবং জনসমক্ষে রাহুল তাঁকে চড় মেরেছে। এ ছাড়া রাহুলের সাবেক
প্রেমিকা সালোনি শর্মাও প্রত্যুষাকে শারীরিকভাবে আঘাত করেন। এর আগে রাহুল
রাজ নিজেকে নির্দোষ দাবি করে বলেছিলেন, ২০১৫ সালের নভেম্বর মাস থেকে তিনি
প্রত্যুষার সঙ্গে অভিসারে যান। তিনি তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন। তিনি
এখনো বিশ্বাস করেন, প্রত্যুষা তাঁর স্ত্রী। যদি তিনি শুক্রবার বাসা থেকে
বাইরে না যেতেন তাহলে হয়তো প্রত্যুষা বেঁচে যেতেন। তবে রাহুলের পরিবারের
দাবি, প্রত্যুষা চরম আর্থিক সংকটে ছিলেন। তাঁর আত্মহত্যার পেছনে এটা একটা
কারণ হতে পারে।
![]() |
| প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় |
গত শুক্রবার মুম্বাইয়ের বাড়ি থেকে প্রত্যুষার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত
দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ অনুমান করেছিল, প্রত্যুষা
আত্মহত্যা করেছেন। পরে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানানো হয়,
শ্বাসরোধে প্রত্যুষার মৃত্যু হয়েছে। প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের
অস্বাভাবিক মৃত্যুর পর তোলপাড় শুরু হয়েছে বলিউডে। ‘বালিকা বধূ’র ‘আনন্দী’
কি আত্মঘাতী হলেন, নাকি তাঁকে পরিকল্পনা করে খুন করা হয়েছে? কলকাতার
জামশেদপুরের মেয়ে প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি জনপ্রিয়
ধারাবাহিকে অভিনয় করেছেন। তাঁর অভিনীত শেষ সম্প্রচারিত ধারাবাহিক
‘শ্বশুরাল সিমার কি’। রিয়্যালিটি শো ‘বিগ বস ৭’-এ দেখা গেছে তাঁকে।


No comments:
Post a Comment