![]() |
| ডোরিট মৌসাইফ |
পানামা
পেপারস নামে আলোচিত নথিতে এবার আইসল্যান্ডের প্রেসিডেন্ট অলাফুর রাগুনার
গ্রিমসনের (৭২) স্ত্রীর নামও পাওয়া গেল। প্রেসিডেন্টের স্ত্রী ডোরিট
মৌসাইফের অফশোর কোম্পানিতে বিনিয়োগ রয়েছে বলে খবর দিয়েছে দেশটির একটি
ওয়েবসাইট। আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমন্ডুর ডেভিড গুনলাগসন পানামা
পেপারস কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার পর বিক্ষোভের মুখে পদত্যাগ করেন। ওই সময়
দেশটিতে যে সংকট শুরু হয়, তা শান্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন
প্রেসিডেন্ট গ্রিমসন। ১৯৯৬ সাল থেকে দেশের প্রেসিডেন্ট পদে থাকা গ্রিমসন সৎ
মানুষ হিসেবে পরিচিত। গত শুক্রবারও তিনি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে
বলেন, তিনি বা তাঁর পরিবারের কারও নাম পানামা পেপারস কেলেঙ্কারিতে জড়াবে
না। গত সপ্তাহে গ্রিমসন নিশ্চিত করেন, তিনি আরেক মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার
চেষ্টা করবেন। পানামা পেপারসে স্ত্রীর নাম জড়ানোর পর এখন তাঁর জন্য
পরিস্থিতি জটিল হয়ে পড়তে পারে। আইসল্যান্ডের ইংরেজি ভাষার ওয়েবসাইট
রিকিয়াভিক গ্রাপেভিনের এক খবরে বলা হয়, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডভিত্তিক
কোম্পানি লাসকা ফাইন্যান্স লিমিটেডে গ্রিমসনের ব্রিটিশ-ইসরায়েলি স্ত্রী
ডোরিটের পরিবারের স্বার্থ ছিল। ২০০০ থেকে ২০০৫ সালের মধ্যে কোম্পানিটি
মৌসাইফ জুয়েলার্স চেইন থেকে লাভের অংশবিশেষ গ্রহণ করে। তবে প্রেসিডেন্ট
গ্রিমসন গত সোমবার বলেন, এমন কোনো বিষয় তাঁর জানা নেই। এমন কোনো
লেনদেন হয়ে থাকলেও তা তাঁর বা তাঁর স্ত্রীর জানা নেই। প্রেসিডেন্ট দপ্তরের
একটি বিবৃতি প্রকাশ করেছে দেশটির সংবাদভিত্তিক ওয়েবসাইট কেজারনিন। এতে বলা
হয়, প্রেসিডেন্ট বা তাঁর স্ত্রী ডোরিট কেউই ওই কোম্পানির বিষয়ে জানেন না।

No comments:
Post a Comment