Wednesday, April 27, 2016

মোদি-মমতা গণতন্ত্রের জন্য বিপজ্জনক by অমর সাহা

সভায় সোনিয়া l ভাস্কর ব্যানার্জি
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনী প্রচারণায় এসে কংগ্রেস দলের সভাপতি সোনিয়া গান্ধী তীব্র সমালোচনা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোনিয়া বললেন, ‘মমতা-মোদি গণতন্ত্রের জন্য বিপজ্জনক। মোদি-মমতার আঁতাত বাংলাকে ক্ষতিগ্রস্ত করেছে। এ যুগলবন্দী বাংলাকে ধোঁকা দিয়েছে।’ গতকাল মঙ্গলবার বিকেলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলের ক্যানিংয়ে এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন সোনিয়া গান্ধী। সভায় সোনিয়া বলেন, ‘ক্ষমতায় এসে রং বদলে ফেলেছেন মমতা। ২০১১ সালে এই তৃণমূলকে বিশ্বাস করেছিলাম আমরা। ভেবেছিলাম, ওরা দুর্নীতির বিরুদ্ধে লড়বে। রাজ্যকে উন্নতির শিখরে নিয়ে যাবে। পরিবর্তন আনবে গোটা রাজ্যে। কিন্তু ক্ষমতায় আসার পর মমতা সব প্রতিশ্রুতি ভুলে জড়িয়ে পড়েন দুর্নীতিতে।’ কংগ্রেস দলের সভাপতি বলেন, সারদা ও নারদ কেলেঙ্কারি এবং উড়ালসড়ক ভেঙে পড়ার পেছনেও আছে দুর্নীতি। সোনিয়া বলেন, আজ পশ্চিমবঙ্গে শিল্পের বেহাল দশা। এ রাজ্যকে দূষিত করে ফেলেছে তৃণমূল। বাড়ছে বেকার সমস্যা। রাজ্যের অর্থনৈতিক অবস্থা সঙিন। মমতার জন্যই আজ এই রাজ্য পিছিয়ে পড়েছে। মমতা ও মোদি দুজনকেই অহংকারী আখ্যা দেন সোনিয়া। তিনি আলোচিত সারদা চিট ফান্ড কেলেঙ্কারি প্রসঙ্গে বলেন, ‘এ কেলেঙ্কারিতে হাজার হাজার গরিব আমানতকারী পথে বসেছে। একবার ভাবুন, কারা এই চিটফান্ডের মাথার ওপর হাত রেখেছেন ?’ সোনিয়া প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘কংগ্রেস ক্ষমতায় এলে ফিরিয়ে দেওয়া হবে গরিবের টাকা। আপনারা মমতা-মোদির কথায় ফাঁসবেন না। আমাদের পাশে দাঁড়ান। জয়ী করুন জোট প্রার্থীদের। আমরা সব দুর্নীতির তদন্ত করাব। মানুষের অধিকার প্রতিষ্ঠিত করব। দুর্নীতির করাল গ্রাস থেকে বাংলাকে রক্ষা করব।’ জনসভায় আরও উপস্থিত ছিলেন কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরী, সিপিএমের নেতা ও কলকাতার যাদবপুর কেন্দ্রের বাম-কংগ্রেস জোট প্রার্থী সুজন চক্রবর্তীসহ বাম-কংগ্রেস জোটের অন্য প্রার্থীরা। ক্যানিংয়ের জনসভা সেরে সোনিয়া হুগলির শ্রীরামপুরের আরেকটি সভায় যোগ দেন। সেখানে তিনি বলেন, তৃণমূল নিজেদের গরিব দরদি বলে দাবি করলেও গরিবের জন্য কিছুই করেনি এই রাজ্যে। এই তৃণমূল যাদের বদৌলতে ক্ষমতায় এসেছিল, তাদেরও ভুলে গেছে। তৃণমূল-বিজেপি একই মুদ্রার এপিঠ-ওপিঠ।

No comments:

Post a Comment