![]() |
| বৈঠকে ওবামা ও সালমান |
ইসলামিক
স্টেটের (আইএস) হুমকি মোকাবিলায় আরব মিত্র দেশগুলোর কাছে আরও সহযোগিতা
চাইলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল বৃহস্পতিবার সৌদি আরবের
রাজধানী রিয়াদে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) সম্মেলনে ওবামা এ
সহযোগিতা চান। সম্মেলনে ইরান, সিরিয়া, ইরাকসহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা
হয়। ইরান ও সিরিয়া নিয়ে আরব মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক
সম্পর্কে দৃশ্যত যে চিড় ধরেছে, ওবামা এ সম্মেলনে যোগ দেওয়ার মধ্য দিয়ে সেটা
‘মেরামত’ করার চেষ্টা করছেন বলে মনে করা হচ্ছে। সিরিয়া ও ইরাকে আইএসবিরোধী
অভিযানে পশ্চিমাদের আরও বেশি সহযোগিতা করতে ওবামা জিসিসির প্রতি আহ্বান
জানান। জিসিসিভুক্ত দেশগুলো হলো সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত
আরব আমিরাত ও ওমান। এর আগে বুধবার সৌদি আরব সফরের প্রথম দিনে ওবামা সৌদি
বাদশাহ সালমানের সঙ্গে বৈঠক করেন। দুই নেতার আলোচনায় ইরান, সিরিয়া, ইয়েমেন
এবং আইএস ইস্যুতে মতপার্থক্য ছিল। ওবামা বাদশাহ সালমানের কাছে সৌদি আরবের
মানবাধিকার ইস্যু নিয়েও প্রশ্ন তোলেন। তবে দুই নেতাই সম্পর্ক জোরদার করতে
তাঁদের আগ্রহের কথা প্রকাশ করেছেন। তবে ওবামার এবার রিয়াদে আসার মুহূর্ত
এবং তাঁর সঙ্গে সৌদি বাদশাহ ও জিসিসি নেতাদের বৈঠক রাষ্ট্রীয় টেলিভিশন
চ্যানেল আল-ইখবারিয়া সরাসরি সম্প্রচার না করাকে অস্বাভাবিক মনে করা হচ্ছে।
সাধারণত মার্কিন প্রেসিডেন্টের মতো বিশ্বনেতা সৌদি সফরে এলে এবং সৌদি
বাদশাহর সঙ্গে বৈঠকে বসলে আল-ইখবারিয়া সরাসরি সম্প্রচার করে থাকে। গতকাল
জিসিসি বৈঠকে জোটটির নেতারা অভিযোগ করেন, সংঘর্ষের উসকানি এবং
সাম্প্রদায়িক বিভাজনের মাধ্যমে ইরানের শিয়া সরকার ওই অঞ্চলের জন্য হুমকি
হয়ে উঠছে। এ ছাড়া ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে ইরান হস্তক্ষেপ করছে বলে
অভিযোগ করে আসছে জিসিসি। তারা ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে
হলেও যুক্তরাষ্ট্র চাইছে ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে উত্তেজনার অবসান
হোক। ওবামার সঙ্গে সৌদি সফরে গিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন
কার্টার। জিসিসির বৈঠক শুরুর আগে কার্টার সাংবাদিকদের বলেন, আইএস ইস্যুতে
উপসাগরীয় মিত্র দেশগুলো বরাবরই যুক্তরাষ্ট্রের পাশে আছে। তবে তাদের আরও
বেশি সহযোগিতা করতে হবে বলে তিনি মনে করেন। ওবামা দুই দিনের সফরে বুধবার
সৌদি আরব যান। জিসিসি বৈঠকে যোগ দেওয়ার পর গতকাল তাঁর সৌদি থেকে প্রথমে
যুক্তরাজ্যে যাওয়ার কথা। সেখান থেকে তিনি জার্মানি সফরে যাবেন।

No comments:
Post a Comment