![]() |
| ৯০তম জন্মদিনে গতকাল এভাবেই অনুরাগী সাধারণ ব্রিটিশদের শুভেচ্ছা গ্রহণ করেন যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ |
বর্ণাঢ্য
নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের ৯০তম
জন্মদিন পালিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। দুপুরে উইন্ডসর প্রাসাদে রানির
ঐতিহ্যবাহী পদযাত্রা ও আলোকবর্তিকা প্রজ্বালনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে
শুরু হয় তাঁর জন্মদিন পালন। রানি দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাজ্যের ইতিহাসে
সবচেয়ে বেশি বয়সী ও দীর্ঘদিন সিংহাসনে থাকা ব্যক্তি। রানি উইন্ডসর
প্রাসাদের সামনে অপেক্ষারত অসংখ্য সাধারণ অনুরাগীর কাছ থেকে ফুলের তোড়া ও
কার্ডসহ নানা উপহার গ্রহণ করেন। এরপর তিনি একটি ফলক উন্মোচন করেন। দুপুরে
যুক্তরাজ্যজুড়ে তোপধ্বনি ও সন্ধ্যায় আলোকবর্তিকা প্রজ্বালনের মাধ্যমে
রানির প্রতি জানানো হয় শ্রদ্ধা। রাতে পার্লামেন্ট ভবন সাজানো হয় জাতীয়
পতাকার লাল, সাদা ও নীল রঙের আলোয়। রানির জন্মদিনে তাঁকে উপহার দেওয়া হয়
কমলার স্বাদের একটি মাখন কেক। কেকটি প্রস্তুত করেন যুক্তরাজ্যের বেকিং
প্রতিযোগিতার চ্যাম্পিয়ন বাংলাদেশি বংশোদ্ভূত নাদিয়া হোসেন। জন্মদিনে
শুভেচ্ছা জানানো ব্যক্তিদের ধন্যবাদ জানিয়ে রানি এলিজাবেথ টুইট বার্তায়
বিশ্বব্যাপী তাঁর সঙ্গে ৯০ বছরে পা দেওয়া ব্যক্তিদের অভিনন্দন জানিয়েছেন।
১৯৫২ সালে সিংহাসনে আরোহণ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তিনি সাংবিধানিক
রাজতন্ত্রের দেশটির সবচেয়ে দীর্ঘ মেয়াদের রানি। সিংহাসনে আরোহণের পর তিনি
১২ জন প্রধানমন্ত্রী, ক্যান্টারবুরির সাতজন আর্চবিশপ ও সাতজন পোপকে
পরিবর্তন হতে দেখেছেন। রাজত্বকালে তিনি সফর করেছেন বিশ্বের ১১৭টি দেশ। দুই
জন্মদিন: রানি দ্বিতীয় এলিজাবেথ প্রতিবছর দুইবার তাঁর জন্মদিন পালন করেন।
এর মধ্যে ২১ এপ্রিল তাঁর প্রকৃত জন্মদিন। জুন মাসের যেকোনো শনিবার পালিত
হয় তাঁর সরকারি জন্মদিন। এ প্রথা রাজা দ্বিতীয় জর্জের সময় থেকে চলে আসছে।
রাজা বা রানির জন্মদিনের প্যারেড গ্রীষ্মকালে পালনের সিদ্ধান্তের পর থেকেই
এমনটা হয়ে থাকে। সেই অনুযায়ী রানির এবারের সরকারি জন্মদিন পালিত হবে আগামী
১১ জুন। প্রধানমন্ত্রীর বিবৃতি: রানিকে যুক্তরাজ্য ও কমনওয়েলথের জন্য
‘শক্তির উৎস’ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এই
বিশেষ দিনের প্রাক্কালে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

No comments:
Post a Comment