Wednesday, April 27, 2016

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

কুষ্টিয়ায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আমিরুল ইসলাম (৪২) নামের একজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত আমিরুল ডাকাত দলের সদস্য ও চরমপন্থী সংগঠনের আঞ্চলিক নেতা ছিলেন। আমিরুলের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামে। পুলিশের ভাষ্য, কুষ্টিয়া শহরের মণ্ডল ফিলিং স্টেশনের কাছে একদল দুর্বৃত্ত কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের ওপর গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পেয়ে ডিবির একটি দল দ্রুত সেখানে যায়। এ সময় ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে দুই পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। একপর্যায়ে ডাকাতেরা পালিয়ে গেলে সড়কের নিচে হাউজিং মাঠে গুলিবিদ্ধ আমিরুলকে পাওয়া যায়। তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা আমিরুলকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ চারটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় ডিবির চারজন সদস্য আহত হয়েছেন। কুষ্টিয়ায় ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম প্রথম আলোকে মুঠোফোনে বলেন, সকাল ১০টার পর এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

No comments:

Post a Comment