Monday, April 11, 2016

জাতীয় লোক নাট্যোৎসব হবে পুঠিয়ায়

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে গ্রাম
থিয়েটারের আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তারা
বাংলাদেশ গ্রাম থিয়েটারের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩তম ‘জাতীয় লোক নাট্যোৎসব’। ১২ এপ্রিল বিকেল সাড়ে চারটায় রাজশাহীর পুঠিয়ায় অনুষ্ঠেয় এ আয়োজনের উদ্বোধন করবেন সাংসদ আবদুল ওয়াদুদ দারা। আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে গ্রাম থিয়েটারের সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবে প্রধান অতিথি থাকবেন কথাসাহিত্যিক ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রধান উপদেষ্টা অধ্যাপক হাসান আজিজুল হক, বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাংসদ ইসরাফিল আলম, সাংসদ অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায় ও গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান। সংবাদ সম্মেলনে ছিলেন গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর, শিল্পকলা একাডেমির নাট্য ও চলচ্চিত্র বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ, ঢাকা থিয়েটারের কামাল বায়জীদ প্রমুখ। গ্রাম থিয়েটার সম্পর্কে সংবাদ সম্মেলনে নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘আমাদের উদ্দেশ্য বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক ইতিহাসের ক্রমটি পুনর্নির্মাণ, ঔপনিবেশিক সাংস্কৃতিক অপঘাতমুক্ত জাতীয় সাংস্কৃতিক ইতিহাস রচনা। সেই লক্ষ্যে আমরা বাঙালির নিজস্ব নাট্য আঙ্গিক মঙ্গল নাট, লীলা নাট, ভাসান যাত্রা, পাঁচালি, জারি, মালি, গম্ভীরা, লেটো, ঘাটু, বিচার গান, শাস্ত্র গান, সংকীর্তন, পুতুলনাচ ইত্যাদি লোকনাট্যের শত আঙ্গিকের পাণ্ডুলিপি সংগ্রহ এবং পরিবেশনা রীতির নিদর্শন অনুসন্ধানে সচেষ্ট।’ নাসির উদ্দীন ইউসুফ বলেন, এবারের এই লোক নাট্যোৎসবে ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর বর্বর হত্যাকাণ্ডে নিহত পুঠিয়া পৌরসভার শহীদ পরিবারবর্গকে শ্রদ্ধার্ঘ্য ও সম্মাননা জানানো হবে। সেই সঙ্গে তিন দিনব্যাপী আয়োজনে থাকবে শোভাযাত্রা ও লাঠিখেলা। লাঠিখেলা পরিবেশন করবে কুষ্টিয়ার দল বাংলাদেশ লাঠিয়াল বাহিনী। এ ছাড়া থাকছে আলোচনা এবং সেলিম আল দীন লোকনাট্য সম্মাননা স্মারক প্রদান। এবার সম্মাননা পাবেন অভিনেতা ও মুক্তিযোদ্ধা রাইসুল ইসলাম আসাদ, জামালপুরের মেলান্দহ উপজেলার নাট্যকার ও শহীদ সমর থিয়েটার প্রতিষ্ঠাতা আসাদুল্লাহ ফরাজী ও রাজশাহীর পুঠিয়ার সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. রবিউল ইসলাম দুখু। উৎসবে সারা দেশ থেকে আসা সংস্কৃতিকর্মীরা অংশ নেবেন।

No comments:

Post a Comment