![]() |
| চট্টগ্রাম চেম্বার আয়োজিত প্রাক্–বাজেট মতবিনিময় সভায় বক্তারা |
চট্টগ্রামের
চলমান বৃহৎ অবকাঠামো প্রকল্পে আগামী বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ চেয়েছেন
বন্দরনগরীর ব্যবসায়ী নেতারা। তাঁরা বলছেন, প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন
হলে তাতে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান
রাখবে। এসব বৃহৎ অবকাঠামো প্রকল্পের মধ্যে রয়েছে কর্ণফুলী টানেল, বন্দর
সম্প্রসারণে বে টার্মিনাল, মহেশখালীতে এলএনজি টার্মিনাল ও কয়লাভিত্তিক
বিদ্যুৎকেন্দ্র স্থাপন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আট লেনের কাজ শুরু করা, শহর
ঘিরে রিং রোড, মিরসরাইয়ে একটি ও আনোয়ারায় দুটি অর্থনৈতিক অঞ্চল স্থাপন।
বাজেট সামনে রেখে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার অংশ
হিসেবে গতকাল শনিবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের
বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত প্রাক্-বাজেট আলোচনায় এসব মতামত তুলে ধরা
হয়। চট্টগ্রাম চেম্বার এ মতবিনিময় সভার আয়োজন করে। একই দিন চট্টগ্রামের
শিল্পপতিদের অপর সংগঠন মেট্রোপলিটন চেম্বারও আলাদাভাবে প্রাক্-বাজেট
আলোচনায় অংশ নেয়। দুই আলোচনাতেই ব্যবসায়ী ও শিল্পপতিদের মতামত শোনেন
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান। প্রাক্-বাজেট আলোচনায়
এনবিআরের চেয়ারম্যান সাম্প্রতিক সময়ে বিশ্বের আলোড়ন সৃষ্টি করা ‘পানামা
পেপারস’ কেলেঙ্কারির ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, পানামা পেপারস মানুষের
মুখোশ উন্মোচন করে দিচ্ছে। এনবিআর এসব বিষয়ে আগে থেকে সক্রিয় ছিল। এখন আরও
সক্রিয় হবে। পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনায় বিশ্ব নেতা থেকে শুরু করে
বিশ্বের আলোচিত ব্যবসায়ী, তারকা, খেলোয়াড়সহ অনেকের কর ফাঁকি দিয়ে
অর্থপাচারের ঘটনা প্রকাশ পায়। এদিকে প্রাক্-বাজেট আলোচনায় চট্টগ্রাম
চেম্বারের সভাপতি মাহবুবুল আলম ব্যবসায়ীদের পক্ষে প্রস্তাব তুলে ধরে বলেন,
দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য অবকাঠামো উন্নয়ন জরুরি। এ জন্য
অবকাঠামো প্রকল্পে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করতে হবে। বিজিএমইএর পরিচালক
কাজী মাহবুব উদ্দিন বলেন, ক্রেতাদের দুটি জোট যেসব কারখানা ঝুঁকিপূর্ণ
ঘোষণা করেছে, সেগুলো ঝুঁকিমুক্ত করতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম
আমদানিতে আরোপিত ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করতে হবে। জাহাজভাঙা শিল্প
মালিকদের সংগঠন শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি আমজাদ হোসেন চৌধুরী
বলেন, বাতিল (স্ক্র্যাপ) জাহাজ আমদানির ক্ষেত্রে যে দ্বৈত কর ব্যবস্থা
রয়েছে, সেটি প্রত্যাহার করা উচিত।সালেহ স্টিলের এমডি এনামুল হক ইকবাল
বলেন, ‘শূন্য শুল্কের কারণে ভারত থেকে প্রচুর বিলেট আসছে। অথচ বিলেট
উৎপাদনের রাসায়নিক আমদানিতে উচ্চশুল্ক বসানো হয়েছে। জিপিএইচ ইস্পাত
লিমিটেডের মিডিয়া উপদেষ্টা অভীক ওসমান বলেন, দেশীয় শিল্প সুরক্ষার স্বার্থে
বিলেট উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থ সিলিকন ম্যাঙ্গানিজ আমদানিতে
আরোপিত ২৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা উচিত। মেট্রোপলিটন
চেম্বারে প্রাক্-বাজেট আলোচনা: এদিন দুপুরে আগ্রাবাদে মেট্রোপলিটন
চেম্বারে অনুষ্ঠিত অপর আলোচনায় বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলীহোসেন
আকবরআলী বলেন, সাফটা চুক্তির আওতা থেকে ইস্পাত পণ্য বের করা না হলে অনেক
ইস্পাতশিল্প দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত হবে। মেট্রোপলিটন চেম্বারের সভাপতি
খলিলুর রহমানের সভাপতিত্বে এ আলোচনায় অংশ নেন মেট্রোপলিটন চেম্বারের
সহসভাপতি এ এম মাহবুব চৌধুরী, সাদ মুসা গ্রুপের এমডি মোহাম্মদ মহসীন,
দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক প্রমুখ। এম এ মালেক বলেন, মুদ্রিত মোড়কের
কাঁচামাল ও প্রস্তুত পণ্যে শুল্ক-করে পার্থক্য মাত্র ১০ শতাংশ। এই
পার্থক্য ২০ থেকে ২৫ শতাংশে উন্নীত না করলে দেশীয় প্রিন্টিং ও প্যাকেজিং
শিল্প ক্ষতিগ্রস্ত হবে। ব্যবসায়ীদের সহায়তায় এ বছরও ১ লাখ ৭৬ হাজার ৩৭১
কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের আশা প্রকাশ করে এনবিআরের
চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, শিল্পকারখানার জন্য প্রণোদনা হিসেবে বন্ড
সুবিধা দেওয়া হয়েছে। তবে এর অপব্যবহারও হচ্ছে।

No comments:
Post a Comment