Sunday, April 3, 2016

প্লে-অফের নাটকীয়তায় চ্যাম্পিয়ন সিদ্দিকুর

বিটিআই ওপেন গলফের ট্রফি হাতে সিদ্দিকুর
কুর্মিটোলা গলফ কোর্সে তখন পিনপতন নীরবতা। সবার নজর সিদ্দিকুর রহমানের দিকে। দেশসেরা গলফারের হাতে কি শেষ পর্যন্ত উঠবে বিটিআই ওপেনের ট্রফি! হতাশ করেননি সিদ্দিকুর, স্বদেশ সজীব আলীকে প্লে-অফে হারিয়ে বিটিআই ওপেন গলফে চ্যাম্পিয়ন হয়েছেন। ক্যারিয়ারের পঞ্চম এই পিজিটিআই শিরোপাটি জিতে ৬ লাখ ৩০ হাজার টাকা প্রাইজমানি পেয়েছেন তিনি। টুর্নামেন্টে তৃতীয় হয়েছেন ভারতীয় গলফার সাজ্জান সিং। কাল শেষ দিনে সিদ্দিকুর খেলেছেন পারের চেয়ে ১ শট কম, সজীব পারের চেয়ে ৬ শট কম। চার রাউন্ড মিলিয়ে দুজনেরই স্কোর দাঁড়ায় পারের চেয়ে ১৫ শট কম। শেষ পর্যন্ত অনেকটা অপ্রত্যাশিতভাবেই শিরোপার নিষ্পত্তির জন্য খেলা গড়ায় প্লে-অফে। সাফল্য-খরায় ভুগতে থাকা সিদ্দিকুরের অভিজ্ঞতার কাছেই সেখানে হেরে যান সজীব। সিদ্দিকুর নিজেই বলেছেন, ‘গলফের সর্বোচ্চ পর্যায়ে খেলার দীর্ঘ অভিজ্ঞতা এখানে কাজে লেগেছে।’ প্লে-অফের নিয়ম অনুসারে ১ হোলের খেলা হয়। সেখানে সিদ্দিকুর বার্ডি করেন, পারের সমান খেলেন সজীব। সিদ্দিকুর এশিয়ান ট্যুরে প্রথম শিরোপাটাও জিতেছিলেন প্লে-অফে। সিদ্দিকুরের সর্বশেষ আন্তর্জাতিক ট্রফি জয় এশিয়ান ট্যুরে, দিল্লিতে ২০১৩ সালে। এরপর দেশের মাটিতে দু-দুটি এশিয়ান ট্যুর খেলে দর্শকদের হতাশ করেছেন। এবার তাই বিটিআই ওপেন জিতে উচ্ছ্বসিত সিদ্দিকুর, ‘ঘরের কোর্সে চেনা দর্শকদের সামনে জিতেছি বলে খুব খুশি আমি। আজ খুব ভালো খেলতে পারিনি, তবে খেলার প্রতি মনোযোগটা হারাইনি। এই জয়টা আমাকে এশিয়ান ট্যুরের আগামী টুর্নামেন্টে আত্মবিশ্বাস জোগাবে।’ এশিয়ান ট্যুরের আগামী টুর্নামেন্টটা জাপানে ২১-২৪ এপ্রিল অনুষ্ঠেয় ১২ লাখ ৭০ হাজার ডলার প্রাইজমানির প্যানাসনিক ওপেন। তবে অনেক দিন ধরে পিঠের ব্যথায় ভুগতে থাকা সিদ্দিকুরকে ফিটনেস পরীক্ষায় উতরেই সেখানে যেতে হবে। আজ ফিটনেস পরীক্ষা দিতে তাঁকে যেতে হচ্ছে ভারতে।

No comments:

Post a Comment