![]() |
| স্টেফানি টেলর,মেগ ল্যানিং |
আজ
রাতের ইডেনে ইংল্যান্ডকে হারাতে পারলে গেইল-স্যামিরা ওয়েস্ট ইন্ডিজকে এনে
দেবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় মুকুট, ইতিহাসের প্রথম। আগ্রহ এই
ম্যাচ নিয়েই বেশি। কিন্তু এর আগে একই মাঠে গোধূলিটাকেও রাঙিয়ে দিতে পারেন
ক্যারিবীয় মেয়েরা। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে যে অস্ট্রেলিয়ার
সঙ্গে শিরোপাযুদ্ধে নামবেন স্টেফানি টেলররাও। রোমাঞ্চটা ক্যারিবীয় মেয়েদেরই
বেশি ছুঁয়ে যায়। এখনো কোনো বিশ্বকাপ জেতা হয়নি, টি-টোয়েন্টি বিশ্বকাপের
ফাইনালই প্রথম। তবে প্রথম শিরোপা জয়টা ওয়েস্ট ইন্ডিজের জন্য মোটেই সহজ হবে
না। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া যে টানা চতুর্থ শিরোপার লক্ষ্যে নামবে। ছোট
সংস্করণের ক্রিকেটে ২০১০ বিশ্বকাপ থেকেই অপ্রতিরোধ্য ‘সাউদার্ন স্টারস’
নামে পরিচিত দলটি। দুই দলের টি-টোয়েন্টি পরিসংখ্যানেও ক্যারিবীয়দের জন্য
আছে একটা ‘প্রথমে’র রোমাঞ্চ। এর আগে ২০ ওভারের ক্রিকেটে ৮ সাক্ষাতে
অস্ট্রেলিয়ার সঙ্গে কখনো জেতেনি ওয়েস্ট ইন্ডিজ। গেরোটা খুলতে পারলে ওয়েস্ট
ইন্ডিজের মেয়েদের নাম লেখা হয়ে যাবে ইতিহাসেও। প্রেরণা আছে, তবে এর সঙ্গে
হাত ধরে স্নায়ুচাপও চলে আসে। অবশ্য টুর্নামেন্টে সুপার টেনে পাকিস্তানের
সঙ্গে ৪ আর ভারতের সঙ্গে ৩ রানে জয় হাড্ডাহাড্ডি লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের
স্নায়ু ধরে রাখার সামর্থ্যের প্রমাণ দেয়। ফাইনালকে সহজভাবেই নেওয়ার
প্রতিশ্রুতি দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক স্টেফানি টেলর, ‘আমাদের প্রথম
ফাইনাল, স্নায়ুচাপ আছে। তবে আমাদের এর সঙ্গে মানিয়ে নিতে হবে। শান্ত থাকতে
হবে, নিজেদের গুছিয়ে রাখতে হবে। শুধু মাঠে নামো, আর লড়ো।’ প্রতিপক্ষ
অস্ট্রেলিয়া কাগজে-কলমে এগিয়ে, তবে তাতে দমে যাচ্ছেন না টেলর, ‘মাঠে যাও,
স্বাভাবিক খেলো আর ভয়হীন থাকো। আমরা ভয় পাচ্ছি না। ওরা তিনটি শিরোপা
জিতেছে, আমাদেরও কিছুই হারানোর নেই।’ অস্ট্রেলিয়ার জন্যও তো আজ কিছু পাওয়ার
উপলক্ষ। তিনবার শিরোপা জয় মানে ফাইনালে জেতাটা তাদের অভ্যাসে দাঁড়িয়ে
গেছে। এই ফাইনালেও জয় ছাড়া কিছু ভাবছেন না অস্ট্রেলীয় অধিনায়ক মেগ ল্যানিং,
‘সব সময়ই বলে এসেছি, এখানে শিরোপা বাঁচাতে নয়, ২০১৬ টি-টোয়েন্টি
বিশ্বকাপটা জিততে এসেছি। কাল নতুন একটি দিন, সবকিছুই শূন্য থেকে শুরু হবে।
আগে কী ঘটেছে তার কোনো মানেই থাকবে না।’ সত্যিই, মাঠে নেমে গেলে
রেকর্ড-পরিসংখ্যানের কোনো অর্থ থাকে না!

No comments:
Post a Comment