Sunday, April 17, 2016

দিলীপ কুমার হাসপাতালে

দিলীপ কুমার
ভারতীয় চলচ্চিত্রের একসময়ের পর্দা কাঁপানো নায়ক খ্যাতিমান অভিনেতা দিলীপ কুমার গুরুতর অসুস্থ। শ্বাস-প্রশ্বাসের সমস্যাজনিত কারণে গতকাল শনিবার তাঁকে মু্ম্বাইয়ের বান্দ্রার লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, আগামী ৭২ ঘণ্টা দিলীপ কুমারের জন্য খুব জটিল। প্রায় দুই বছর ধরেই নানা অসুস্থতায় হাসপাতালে আসা-যাওয়ার মধ্যে আছেন ৯৩ বছর বয়সী দিলীপ কুমার। হাসপাতাল সূত্র জানায়, বেশি অসুস্থ হয়ে পড়লে শুক্রবার দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জলিল পারকর বলেন, ‘আমরা গভীরভাবে তাঁর শারীরিক অবস্থার দিকে খেয়াল রাখছি। তাঁকে নিবিড় পর্যবেক্ষণ বিভাগে (আইসিইউ) নেওয়া হতে পারে।’ পারকর জানান, দিলীপ কুমার প্রচণ্ড জ্বর নিয়ে ভর্তি হয়েছেন। তাঁর কয়েকবার বমি হয়েছে। তিনি নিউমোনিয়াতেও ভুগছেন। অভিনেতা দিলীপ কুমারের পরিবারের ঘনিষ্ঠ কয়েকটি সূত্র বলেছে, উদ্বিগ্ন হওয়ার মতো কিছু হয়নি। তিনি ভালোই আছেন। দিলীপ কুমারের প্রকৃত নাম মোহাম্মদ ইউসুফ খান। চলচ্চিত্র জগতে পা রেখে তিনি দিলীপ কুমার নাম নেন। ছয় দশকের অভিনেতা জীবনে মধুমতী, দেবদাস, মুঘল-ই-আজম, গঙ্গা যমুনার মতো অবিস্মরণীয় সব চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ১৯৬৬ সালে দিলীপ কুমার অভিনেত্রী সায়রা বানুকে বিয়ে করেন। ১৯৯৮ সালে সর্বশেষ চলচ্চিত্র কুইলাতে অভিনয় করেন তিনি।

No comments:

Post a Comment