Thursday, April 7, 2016

সিলেটের সঙ্গে ট্রেন চলাচল শুরু

সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেলযোগাযোগ আবার চালু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এই রুটে ট্রেন চলাচল শুরু হয়। গতকাল বুধবার দিবাগত রাতে ঝড়ে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়লে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসের নগর রেলওয়ে স্টেশনের মাস্টার আবদুল আজিজ বলেন, ঝড়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেললাইনে অনেক গাছ উপড়ে পড়ে। এতে দিবাগত রাত সাড়ে ১২টা থেকে সিলেটের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। রেলওয়ে সূত্র জানায়, রেললাইনে গাছ উপড়ে পড়ায় ঢাকাগামী আন্তনগর উপবন এক্সপ্রেস লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় আটকা পড়ে। এ ছাড়া চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস কমলগঞ্জের শমসের নগর রেলওয়ে স্টেশনে এবং সিলেটগামী উদয়ন এক্সপ্রেস হবিগঞ্জের রশিদপুর স্টেশনে আটকা পড়ে। শমসের নগর রেলওয়ে স্টেশনের মাস্টার আবদুল আজিজ বলেন, রেললাইন থেকে গাছ সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করতে আজ ভোর থেকে কাজ শুরু হয়। রেলওয়ের পূর্বাঞ্চলের (শ্রীমঙ্গল) উপসহকারী প্রকৌশলী আলী আজম বলেন, রেললাইনের ওপরে পড়ে থাকা গাছ কেটে সরানো হয়েছে। এরপর সকাল সাড়ে নয়টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

No comments:

Post a Comment