লক্ষ্মীপুর
জেলার কমলনগর উপজেলায় সন্দেহভাজন ডাকাতের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন দুজন। এ ঘটনায় একজনকে আটক করা
হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চরলরেন্স ইউনিয়নের গুদামঘর
এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুল ওয়াদুদ জমাদার (৬০)। আহত দুজন
হলেন ওয়াদুদের ছেলে প্রবাসী আবদুর রহমান (৪৪) ও নাতি রাসেল আহমদ (১৯)।
তাঁদের প্রথমে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি
হওয়ায় দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির লাশ
উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো
হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নুরুল আমিন নামের এক ব্যক্তিকে আটক করা
হয়েছে। পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য, দিবাগত রাত দেড়টার দিকে গুদামঘর এলাকায়
ওয়াদুদের বাড়িতে একদল মুখোশধারী ডাকাত হানা দেয়। তারা সংখ্যায় ১০-১৫ জন
ছিল। তারা ওয়াদুদের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সবাইকে জিম্মি করে
ফেলে। পরে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মালামাল লুটে নেয়। বাধা দিলে তারা
এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ওয়াদুদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। তাঁর
ছেলে আবদুর রহমান গুলিবিদ্ধ হন। ওয়াদুদের নাতি রাসেল ধারালো অস্ত্রের আঘাতে
আহত হন। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির আহাম্মদ বলেন,
ডাকাতি থেকে এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। ঘটনার পর এলাকায় অভিযান
চালিয়ে একজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment