![]() |
| সুয়ারেজের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুললেন তাঁর সাবেক এজেন্ট |
কামড়-কাণ্ডের
জন্য বেশ কয়েকবারই তুমুল সমালোচিত হয়েছেন। বর্ণবাদী মন্তব্যের জন্য
গ্রেপ্তারও হয়েছেন। লুইস সুয়ারেজের মানসিক সুস্থতা নিয়েই এবার প্রশ্ন
উঠল। তাঁরই সাবেক উরুগুয়ে সতীর্থ ড্যানিয়েল ফনসেকা বলছেন, সুয়ারেজের এখন
মনোচিকিৎসকের কাছে যাওয়া উচিত। কিন্তু ফনসেকা হঠাৎ এ কথা বললেন কেন?
সতীর্থ হলেও একসময় সুয়ারেজের এজেন্ট হিসেবে কাজ করেছিলেন ফনসেকা। তখন
সুয়ারেজকে কাছ থেকে দেখেছেন। কিন্তু সময়ের সঙ্গে দুজনের মধ্যে তৈরি হয়
দূরত্ব। সুয়ারেজ দাবি করেন, ২০০৬ সালে যখন উরুগুয়ের ক্লাব ন্যাসিওনাল
থেকে হল্যান্ডে গ্রনিনগেনে পাড়ি জমিয়েছিলেন, সে সময় ফনসেকার কাছে তিনি ২
লাখ ডলার পেতেন। ওই অভিযোগ শুনে ভীষণ খেপেছেন ফনসেকা। সাবেক এই উরুগুইয়ান
ফুটবলারের কথা থেকেই তা অনুমান করা যায়, ‘সে মিথ্যা বলছে, কারণ সে আসলে
শিশুদের মতো। সেটা আমরা সবাই জানি।’ বিশ্বকাপে কিয়েলিনিকে কামড়ে দেওয়ার
পর মনোবিদের কাছে যেতে হয়েছিল সুয়ারেজকে। ফনসেকা সেটিও মনে করিয়ে
দিয়েছেন, ‘সে মনোবিদের কাছে যাচ্ছে, কিন্তু কোনো সুফল তো দেখা যাচ্ছে না।
তার অন্য কোনো মনোবিদের কাছে যাওয়া উচিত, অথবা মনোচিকিৎসকদের দেখানো
উচিত।’ দুজনের গোলমালটা আসলে কী নিয়ে, তা বড় এক প্রশ্নই। ফনসেকার দাবি,
এটা আসলে টাকাপয়সা–সংক্রান্ত নয়, অন্য কিছু আছে এর পেছনে। তাঁর কথা,
‘একদিন আমার তিন বন্ধু আমার সঙ্গে দেখা করেছিল। ওরা সুয়ারেজকে নিয়ে এমন
কিছু বলেছিল, যা একদিন জানাজানি হলে অনেকেই অস্বস্তিতে পড়ে যেতে পারে।
সুয়ারেজ ওই সত্যিটা কখনোই মেনে নেয়নি। সাহস থাকলে ও সত্যিটা বলুক। সেটি
নেই বলেই ও গত ছয় বছর মুখ খোলেনি।’ ২ লাখ ডলার পাওয়ার ব্যাপারটাও উড়িয়ে
দিয়েছেন ফনসেকা, ‘আমি আমার কোনো বন্ধুর কাছ থেকে কখনোই মিথ্যা কিছু শুনতে
চাই না। আমি চাই, সে সত্যিটা বলুক। ও আমার কাছ থেকে ২ লাখ ডলার পায়, এমন
কথা সে কীভাবে বলে? বদমাশ একটা!’

No comments:
Post a Comment