![]() |
| ডিগবাজিতে গোল উদ্যাপন। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিজেএমসির বিপক্ষে দ্বিতীয় গোলের পর শেখ রাসেলের ফিকরু |
ঘরোয়া
ফুটবলে দৃশ্যটা প্রায় নিয়মিত ছিল। দল পেনাল্টি পেলেই কিক নিতে প্রস্তুত
জাহিদ হাসান এমিলি। কিন্তু কাল চিত্রনাট্য গেল বদলে। শেখ রাসেলের নতুন
বিদেশি ফরোয়ার্ড ফিকরু তেফেরাকে পেনাল্টি কিক নিতে বললেন কোচ মারুফুল হক।
পেনাল্টি থেকে তো গোল করলেনই, পরে আরও দুটি চমৎকার গোল করেছেন
ইথিওপিয়ান ফুটবলার। ফিকরুময় ম্যাচে শেখ রাসেল ৩-২ গোলে হারিয়েছে
বিজেএমসিকে। ফিকরু পেনাল্টি থেকে গোল করেছেন, কিন্তু পরের ম্যাচে পেনাল্টি
থেকে গোল করতে পারেননি ইসমাইল বাঙ্গুরা। যদিও সেই ক্ষতি পরে পুষিয়ে
দিয়েছেন ফ্রি-কিক থেকে গোল করে। উত্তর বারিধারাকে ২-০ গোলে হারিয়েছে
মোহামেডান। মোহামেডানের আরেক গোলদাতা মাসুক মিয়া জনি। শেখ রাসেলের
সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় এখন আইএসএলের সাবেক ফুটবলার ফিকরু।
অন্য বিদেশিদের ভিড়ে ফিকরু যে একটু ব্যতিক্রম তা প্রথম ম্যাচেই বুঝিয়েছিলেন
ঘরোয়া ফুটবলের অভিষেকেই গোল করে। ইথিওপিয়ার এই ফরোয়ার্ড কাল পেয়েছেন
হ্যাটট্রিক। সনি নর্দের পর শেখ রাসেলে খেলতে আসা এই বিদেশি ফুটবলার এবার
মাঠে আলো ছড়াতে পারেন। ৫ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন ফিকরু।
কিন্তু এই অগ্রগামিতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি শেখ রাসেল। ৮ মিনিটে সমতায়
ফেরান বিজেএমসির তপু। ৫৫ মিনিটে ফিকরু অসাধারণ হেডে ২-১ করেন। ৫৭ মিনিটে
রুম্মনকে অবৈধভাবে ফেলে দিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে বিজেএমসির
ক্যামেরুনিয়ান ডিফেন্ডার বেইবেককে। ১০ জনের দল হয়ে যেন আরও বেশি
আক্রমণাত্মক হয়ে ওঠে বিজেএমসি। কিন্তু ৭৮ মিনিটে বিজেএমসিকে ম্যাচ থেকে
ছিটকে দেন ফিকরু, এই মৌসুমে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করে। ৮০ মিনিটে
অবশ্য ফিকরুকে তুলে নেন কোচ মারুফুল হক। এরপরই বিজেএমসি আরেকটি চমৎকার
আক্রমণ থেকে ব্যবধান কমিয়েছে। জায়গা ছেড়ে বেরিয়ে আসা শেখ রাসেলের
গোলরক্ষক রাসেল মাহমুদ লিটনকে ফাঁকি দিয়ে স্যামসান ইলিয়াসু স্কোর ৩-২
করেন। মোহামেডানের জয়: ১১ মিনিটে মাসুক মিয়া জনির শটে প্রথমে এগিয়ে যায়
মোহামেডান। ২১ মিনিটে বক্সের মধ্যে সজীবকে বারিধারার ডিফেন্ডার মনির ফেলে
দিলে পেনাল্টি দেন রেফারি। কিন্তু পেনাল্টি নষ্ট করেছেন ইসমাইল বাঙ্গুরা।
তাঁর দুর্বল শটটি সহজেই ঠেকিয়ে দেন বারিধারার গোলরক্ষক রাজীব। এরপর শেষ
মিনিটে ফ্রি-কিকে চমৎকার গোল করেন ইসমাইল বাঙ্গুরা।

No comments:
Post a Comment