![]() |
| অবশেষে ভ্যালেন্সিয়ার সঙ্গে ৫০০তম গোলের দেখা পেলেন মেসি |
কিছুতেই
যেন কিছু হচ্ছিল না। এক ম্যাচ, দুই ম্যাচ করে কেটে গেছে পাঁচটি ম্যাচ।
কিন্তু গোলের দেখা আর পাচ্ছিলেন না। সেই গোলটিও আবার বিশেষ কিছু।
ক্যারিয়ারে ৫০০ গোলের কীর্তি কয়জন ফুটবলারের আছে! কাল ভ্যালেন্সিয়ার সঙ্গে
গোল করে লিওনেল মেসি অবশেষে সেই উচ্চতায় উঠলেন। ২০১০ সালের পর থেকে
গোলবিহীন এতটা সময় আর পার করতে হয়নি মেসিকে। কালও মনে হচ্ছিল, সেই আফসোস
নিয়েই মাঠ ছাড়তে হবে। নেইমার-সুয়ারেজদের মতো খুব সহজ সুযোগ পাননি, কিন্তু
মেসি গোলের জন্য কবেই–বা সুযোগের অপেক্ষায় থেকেছেন? কাল সেই গোলটাও আর
পাওয়া হচ্ছিল না। অবশেষে ভ্যালেন্সিয়া ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর ৬৩ মিনিটে
সেই গোলের দেখা পেলেন। কিন্তু ৫০০ মিনিট গোলবিহীন থাকার পর শেষ পর্যন্ত
ক্যারিয়ারের ৫০০তম গোল পূর্ণ করার ম্যাচটা মেসি মনে রাখতে চাইবেন না।
বার্সেলোনা যে পরাজয়ের বেদনা নিয়ে মাঠ ছেড়েছে। ২০০৫ সালে ১৭ বছর বয়সে
পেশাদার ক্যারিয়ারের প্রথম গোল পেয়েছিলেন। আলবাসেটের সঙ্গে ওই গোলের পর
বাকি সময়টা শুধুই নিজেকে ছাড়িয়ে যাওয়ার। এই ৫০০ গোলের জন্য মেসিকে খেলতে
হয়েছে ৬৩৩টি ম্যাচ। এর মধ্যে ৪৫০টি গোল বার্সেলোনার হয়ে, আর ৫০টি গোল
করেছেন আর্জেন্টিনার হয়ে। লা লিগায় সর্বোচ্চ গোলের রেকর্ড অনেক আগেই নিজের
করে নিয়েছেন। আর্জেন্টিনার হয়ে গ্যাব্রিয়েল বাতিস্তুতার ৫৬ গোলের রেকর্ডও
এখন হাতছানি দিচ্ছে। মেসি কদিন আগে বলেছেন, রেকর্ড হলে ভালোই লাগে। কেউ
প্রশংসা করলে খুশি হবেন নাই–বা কেন। কিন্তু সবার আগে দল আর দলের সাফল্য।
এমন ৫০০তম গোলের রাত মেসি চাননি, নিশ্চয়ই চাননি!

No comments:
Post a Comment