Thursday, April 21, 2016

ভিসেরা প্রতিবেদন এলেও আটকে আছে ময়নাতদন্ত প্রতিবেদন

কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু
হত্যার এক মাস পূর্ণ হয়েছে গতকাল। হত্যাকারীদের
বিচারের দাবিতে নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে
গতকাল বিকেলে অনুষ্ঠিত হয় প্রতিবাদী নারী সমাবেশ
কলেজছাত্রী সোহাগী জাহান তনুর ভিসেরা পরীক্ষার প্রতিবেদন চট্টগ্রামের ফরেনসিক ল্যাব থেকে কুমিল্লায় পাঠানো হয়েছে ১০ দিন আগে। অথচ এই ভিসেরা বা ফরেনসিক প্রতিবেদনের জন্য আটকে আছে তনুর দ্বিতীয় দফা ময়নাতদন্তের প্রতিবেদন। এদিকে তনু হত্যার এক মাস উপলক্ষে গতকাল বুধবার কুমিল্লায় প্রতিবাদী নারী সমাবেশ হয়েছে। একই দিন তনুর চাচা-চাচিসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। পরে তদন্ত-সহায়ক দলের প্রধান ও সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ সাংবাদিকদের বলেন, তদন্তের স্বার্থে বিভিন্ন তথ্য যাচাই করতে ওই পরিবারের সদস্যদের বারবার জিজ্ঞাসা করতে হচ্ছে। তিনি বলেন, ‘দ্রুত একটি ফলাফল দিতে পারব। আমরা অনেক দূর এগিয়েছি।’ সিআইডি সূত্র জানায়, চট্টগ্রামের ফরেনসিক ল্যাব থেকে তনুর ভিসেরা পরীক্ষার প্রতিবেদন ১০ এপ্রিল ডাকযোগে কুমিল্লায় পাঠানো হয়। বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে কি না, এটা জানতে ভিসেরা পরীক্ষা করা হয়। তনুর ক্ষেত্রে এমন কিছু পাওয়া যায়নি। সিআইডির প্রধান রাসায়নিক পরীক্ষক দিলীপ কুমার সাহা ভিসেরা প্রতিবেদন পাঠানোর কথা স্বীকার করলেও এ নিয়ে কিছু বলতে রাজি হননি। ২১ দিন আগে তনুর দ্বিতীয় দফা ময়নাতদন্তকারী চিকিৎসক দলের প্রধান ছিলেন কামদা প্রসাদ সাহা। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘ফরেনসিক প্রতিবেদনটি পেয়েছি কি না, তা বলতে পারব না। ময়নাতদন্ত সম্পর্কেও কিছু বলতে পারব না।’ যদিও কামদা প্রসাদ সাহা গত শনিবার বলেছিলেন, ফরেনসিক প্রতিবেদন এলেই দ্রুত তনু হত্যার দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন দেওয়া হবে। নারী সমাবেশ: তনু হত্যার বিচারের দাবিতে গতকাল বিকেলে কুমিল্লা শহরের পূবালী চত্বরে প্রতিবাদী নারী সমাবেশ হয়েছে। সমাবেশে অ্যাসিড-সন্ত্রাস নির্মূল কমিটির কুমিল্লার সভাপতি দিলনাশি মোহসেন বলেন, এ আন্দোলন নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছেন। ভয়ের কিছু নেই। এখানে রাজনীতির কিছু নেই। এক মাসেও তনুর খুনি চিহ্নিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এইড কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম। কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জোহরা আনিস বলেন, সবাই তনুর খুনিদের দেখতে চায়। এই হত্যার বিচার হতেই হবে। আরও বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা মাহমুদা আক্তার, সালমা আক্তার, আয়েশা সিদ্দিকা, নিলুফার ইয়াসমিন, আয়েশা সিদ্দিকা, সাংবাদিক ইয়াসমিন রীমা, আইনজীবী তানজিনা ইয়াসমিন, সুজনের সহসম্পাদক মায়মুনা আক্তার প্রমুখ। নারী সমাবেশের সঙ্গে একাত্মতা পোষণ করে বক্তব্য দেন পরিবার পরিকল্পনা সমিতি কুমিল্লার সভাপতি অনুপ রঞ্জন বোস, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহ মো. আলমগীর খান, পেইজ কুমিল্লার নির্বাহী পরিচালক লোকমান হাকিম ও গণজাগরণ মঞ্চ কুমিল্লার মুখপাত্র খায়রুল আনাম রায়হান। গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি ঝোপ থেকে ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী তনুর লাশ উদ্ধার করা হয়।

No comments:

Post a Comment