![]() |
| দক্ষিণ ভারতের কেরালার মন্দিরে অগ্নিকাণ্ডে আহতেরা |
দক্ষিণ
ভারতের কেরালার মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুণ্যার্থীসহ মৃতের সংখ্যা
বেড়ে ১১২–তে পৌঁছেছে। আহত হয়েছে প্রায় ৪০০ মানুষ। এ ঘটনায় পুলিশ
পাঁচজনকে আটক করেছে। মন্দিরের দুজন ঠিকাদারের বিরুদ্ধে মামলা দায়ের করা
হয়েছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কেরালার কোল্লাম জেলার
পরাভুর পুট্টিঙ্গল দেবীর মন্দিরে একটি উৎসব উপলক্ষে বাজি পোড়ানোর সময়
কাছের একটি ঘরে রাখা বিপুল পরিমাণ আতশবাজিতে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে।
কেরালার বিধানসভা তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তিদের পরিবারপ্রতি ১০ লাখ এবং আহত
ব্যক্তিদের পাঁচ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদি শোক প্রকাশ করে মৃত ব্যক্তিদের জন্য দুই লাখ এবং আহত ব্যক্তিদের ৫০
হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দেন। স্থানীয় বাসিন্দারা জানান, উৎসব
উপলক্ষে বাজি পোড়ানো দেখতে হাজার পনেরো মানুষ মন্দির এলাকায় জড়ো
হয়েছিল। রাত একটু গভীর হলে শুরু হয়েছিল বাজি পোড়ানো। হঠাৎই তারা বিকট
আওয়াজ শুনতে পায়। ভিডিও ফুটেজে দেখা যায়, বিকট বিস্ফোরণের পরপরই আগুন
ছড়িয়ে পড়ে। পুলিশ ও অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের পাশাপাশি স্থানীয়
মানুষ উদ্ধারকাজে যোগ দেয়। নৌ ও বিমানবাহিনী হেলিকপ্টার নিয়ে উদ্ধারে
নামে। সকালে মন্দির চত্বরে আগুনে পুড়ে হতাহত মানুষের শরীরের বিভিন্ন অংশ
ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।

No comments:
Post a Comment