Monday, April 4, 2016

কুমার বিশ্বজিতের কণ্ঠে রবীন্দ্রসংগীত

কুমার বিশ্বজিৎ
আবারও রবীন্দ্রসংগীত গাইলেন কুমার বিশ্বজিৎ। সম্প্রতি শেষ হয়েছে ‘আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী’ গানটির কণ্ঠ ধারণের কাজ। গানটির সংগীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ অ্যান্ড ফ্রেন্ডস। ফ্রেন্ডসরা হলেন সোহেল, পুলক, বাপ্পি ও সেলিম। আবারও কেন রবীন্দ্রসংগীত গাওয়া? কুমার বিশ্বজিৎ বললেন, ‘আধুনিক গান গাইতে গাইতে একরকম ক্লান্তি এসে গেছে। ভাবলাম, কী করা যায়। তাই রবীন্দ্রসংগীত গেয়ে নিজেকে একটু উজ্জীবিত করে নিলাম।’ শ্রোতারা কবে থেকে গানটি শুনতে পাবেন—জানতে চাইলে বিশ্বজিৎ জানান, শুধু শোনা নয়; দেখার ব্যবস্থাও চলছে। অর্থাৎ গানটির একটি ভিডিও নির্মাণ করা হবে। সেখানে বিদেশিনী কোন দেশের হবেন—জানতে চাইলে তিনি বলেন, ‘একটি অনুষ্ঠানে গাইতে জাপান যাচ্ছি। সেখান থেকে একজন জাপানি মডেলকে নিয়েই গানটির ভিডিও বানাব। তারপর শ্রোতাদের সামনে উপস্থাপন করা হবে গানটি।’ আট বছর আগে রবীন্দ্রনাথের ‘আমার বেলা যে যায়’ গানটি গেয়েছিলেন কুমার বিশ্বজিৎ। এদিকে কিছুদিন আগে প্রকাশিত হয়েছে কুমার বিশ্বজিতের গাওয়া দ্বৈত গানের অ্যালবাম সারাংশে তুমি। সামনের সপ্তাহে সেই গানগুলোর একটি ভিডিও অ্যালবাম প্রকাশিত হবে।

No comments:

Post a Comment