![]() |
| বেন হার ছবির পোস্টার |
নির্মিত হয়েছে সেই কবে, অথচ এখনো ৩ ঘণ্টা ৩২ মিনিটের বেন হার ছবিটি যেন
এতটুকু পুরোনো হয়নি। আজ সেই দিন, যেদিন ৩২তম একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে
১১টি পুরস্কার জয় করে রেকর্ড গড়েছিল বেন হার। সেই রেকর্ড ছুঁয়েছে টাইটানিক
আর লর্ড অব দ্য রিংস: দ্য রিটার্ন অব দ্য কিং ছবি দুটি, কিন্তু ছাড়িয়ে যেতে
পারেনি। উইলিয়াম ওয়াইলার ছবিটি তৈরি করেছিলেন ১৯৫৯ সালে, বহু কাঠখড়
পুড়িয়ে। সেই আমলের তুলনায় অবিশ্বাস্য ছিল ছবি বানানোর খরচটা। কিন্তু ১৯৬০
সালে অস্কার পেয়ে খরচের দুশ্চিন্তায় আর ভুগতে হয়নি বেন হারকে। লিউ ওয়ালেস
বেন হার: এ টেল অব দ্য ক্রাইস্ট নামে যে উপন্যাসটি লিখেছিলেন ১৮৮০ সালে,
তাকেই সেলুলয়েডে রূপ দিয়েছিলেন ওয়াইলার। চার্লটন হেস্টনের অনবদ্য অভিনয়ে
‘বেন হার’ চরিত্রটি একটি আইকনিক চরিত্রে রূপান্তরিত হয়েছে। চার্লটন অভিনয়
করেছেন ‘বেন হার’ নামের অভিজাত এক ইহুদি যুবরাজের চরিত্রে। তিনি ছিলেন
উইদেয়ায় বসবাসকারী। রোমান শাসকদের নিষ্ঠুরতার শিকার হয়েছিল বেন হারের শহর।
বেন হার হারিয়েছিলেন তাঁর সম্পদ, তাঁর পরিবার। কিন্তু শেষ পর্যন্ত
যিশুখ্রিষ্টের পরোক্ষ কৃপায় তিনি হারানো সব ফিরে পান। ‘বেন হার’ নিয়েই
তবে কিছু কথা হোক। ওয়ালেসের লেখা এই উপন্যাসটির কাহিনি নিয়ে ১৮৯৯ সালেই
মঞ্চনাটক হয়। ১৯০৭ সালে তৈরি হয় একটি স্বল্পদৈর্ঘ্য ছবি, সেই ছবির স্বত্ব
কিনে নেয় মেট্রো গোল্ডউইন মেয়ার। সেসিল বি, ডেমিলের পরিচালনায় ১৯২৫ সালে
একটি পূর্ণদৈর্ঘ্য ছবি তৈরি করে প্রতিষ্ঠানটি। ১৯৫৯ সালে নির্মিত যে বেন
হার নিয়ে আমরা কথা বলছি, সেটার পরিচালক উইলিয়াম ওয়াইলার ডেমিলের ছবির সেটে
কাজ করেছিলেন। আর নায়ক হেস্টন ডেমিলের দ্য টেন কমান্ডমেন্টস ছবিতে অভিনয়
করেছিলেন।

No comments:
Post a Comment