প্রিমিয়ার
লিগের ‘আইকন’ খেলোয়াড়ের সংখ্যা ছয় থেকে বেড়ে হলো সাত। ‘প্লেয়ার্স বাই
চয়েসে’র এই শ্রেণিতে নতুন সংযোজন ইমরুল কায়েস। গতকাল হওয়া সিসিডিএমের সভায়
আসন্ন প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ে নেওয়া হয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ
সিদ্ধান্ত। ১০ এপ্রিল ‘প্লেয়ার্স বাই চয়েস’ হয়ে লিগ শুরু হবে ২২ এপ্রিল
থেকে। এর আগের ‘প্লেয়ার্স বাই চয়েসে’ আইকন খেলোয়াড় ছিলেন মাশরাফি বিন
মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ ও
নাসির হোসেন। এবার ‘আইকন’ থেকে নাসির চলে গেছেন ‘এ+’ শ্রেণিতে। ঢুকেছেন
সাব্বির রহমান ও ইমরুল। আইপিএলে খেলবেন বলে ঢাকা প্রিমিয়ার লিগে খেলা
কিছুটা অনিশ্চিত সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। দুজনকেই তাই
‘প্লেয়ার্স বাই চয়েসে’র বাইরে রাখার চিন্তা করেছিল সিসিডিএম। তবে নির্বাচক
কমিটির সুপারিশ ছিল, আইপিএল শেষ হওয়ার পরও যদি লিগের ম্যাচ বাকি থাকে, দেশে
ফিরে যেন এই দুই ক্রিকেটার খেলার সুযোগ পান। শেষ পর্যন্ত নির্বাচকদের
সুপারিশ রাখা হয়েছে। সভা শেষে সিসিডিএম সদস্যসচিব রাকিব হায়দার মুঠোফোনে
জানিয়েছেন, ‘“প্লেয়ার্স বাই চয়েসে” সাকিব, মুস্তাফিজের নাম থাকবে, যাতে
আইপিএল থেকে ফেরার পর তাঁরা এখানে খেলার সুযোগ পান। তাঁদের সার্ভিস পাওয়া
যাবে কি না, সেটা বুঝেই ক্লাবগুলো এই দুজনকে দলে রাখবে।’ ৯ এপ্রিল শুরু
হয়ে আইপিএল শেষ হবে ২৯ মে। তবে সেমিফাইনালে না উঠলে সাকিব ও মুস্তাফিজের
খেলা শেষ হয়ে যাবে ২২ এপ্রিল। ইডেন গার্ডেনে সেদিন মুখোমুখি হবে
বাংলাদেশের এই দুই ক্রিকেটারের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ও
সানরাইজার্স হায়দরাবাদ। নতুন নিয়ম অনুযায়ী এবারের প্রিমিয়ার লিগের প্রতিটি
ক্লাব গতবারের খেলোয়াড়দের মধ্য থেকে দুজন খেলোয়াড় দলে রেখে দিতে পারবে।
তবে ‘এ’ থেকে ‘ই’ শ্রেণিতে থাকা খেলোয়াড়েরাই এই নিয়মের মধ্যে পড়বেন।
‘আইকন’ ও ‘এ+’ শ্রেণির খেলোয়াড়েরা এর বাইরে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment