Sunday, April 3, 2016

উড়ালসড়কের দুর্ঘটনা তৃণমূলের গাফিলতিতে

ভারতের কংগ্রেস দলের সহসভাপতি রাহুল গান্ধী বলেছেন, তৃণমূল নেতাদের গাফিলতির কারণেই কলকাতার বড়বাজারের উড়ালসড়কটির অংশবিশেষ ধসে পড়েছে। এটি নির্মাণে তাঁরাই যুক্ত ছিলেন। গতকাল শনিবার পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কুলটির নিয়ামতপুরে এক জনসভায় তিনি এসব কথা বলেন। রাহুল গান্ধী ভাষণে বলেন, ‘পশ্চিমবঙ্গে এখন চলছে একনায়কের শাসন।...গণতন্ত্র ফিরিয়ে আনতে এই রাজ্যে চাই গণমানুষের সরকার। আমরা মনে করি, এবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে কংগ্রেস-বাম জোট।’ কংগ্রেসের সহসভাপতি রাহুল বলেন, এই রাজ্যে গত পাঁচ বছরে কোনো কাজ হয়নি। প্রকাশ্যে ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছেন তৃণমূলের নেতারা। ফাঁস হয়েছে নারদ-কাণ্ডে তৃণমূল নেতাদের ঘুষ গ্রহণের ভিডিও। অথচ মোদি ও মমতার মুখ বন্ধ। রাহুল গান্ধী ওই এলাকার কংগ্রেস-বাম জোটের ছয়জন প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে তাঁদের ভোট দেওয়ার আহ্বান জানান। এর আগে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কলকাতা বিমানবন্দরে নেমে রাহুল সোজা চলে যান বড়বাজারের পোস্তার দুর্ঘটনাস্থলে। তিনি সেখানে উদ্ধারকাজে নিয়োজিত কর্মকর্তাদের কাছে কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। এরপর কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত লোকজনকে দেখতে যান।

No comments:

Post a Comment