Tuesday, April 19, 2016

কী হলো গেইলের!

গেইলের এমন মূর্তিই দেখতে চায় বেঙ্গালুরু
ইয়ান গোল্ডকে শাপশাপান্ত করতেই পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল! কী দরকার ছিল ক্রিস গেইলকে আটকানোর? টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সেদিন গেইল ব্যাট করতে নামলেই হয়তো সব ঝামেলা মিটে যেত। নিজেদের মূল অস্ত্রকেও তাহলে আর ব্যর্থ হয়ে ফেরার দৃশ্য দেখতে হতো না বেঙ্গালুরুর! টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচেই দুর্দান্ত এক সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল। ফর্মের তুঙ্গে থেকেও শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ওপেন করতে পারলেন না, ফিল্ডিংয়ের সময় মাঠে পুরো সময় না থাকায় নিয়মের বেড়াজালে আটকা পড়ে গেলেন। দ্বিতীয় উইকেট পড়ার পর যখন নামতে গেলেন, তখন আবার চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকা গোল্ডের বাধা। শেষ পর্যন্ত আর সেদিন ব্যাটিং করাই হলো না গেইলের। তাঁর কোনো অবদান ছাড়াই ম্যাচ জিতে গেল ওয়েস্ট ইন্ডিজ। কে জানে নিজের ব্যাটিংয়ের ‘মূল্য’ কমে যাওয়াতেই রাগ করলেন কি না! এরপর থেকেই যে আর গেইলের ব্যাটে রান নেই। পরবর্তী ৫ ম্যাচে গেইলের ইনিংসগুলো দেখুন—৪, ৫, ৪, ১, ০! পাঁচ ম্যাচে ১৪ রান, গড় ২.৮। আর শুধু আইপিএলের ইনিংস দুটি হিসাব করলে ১ রান, গড় ০.৫! নিজেদের সেরা ব্যাটসম্যানের এমন ফর্ম তো বেঙ্গালুরুর জন্য ভয়ংকর চিন্তারই ব্যাপার। তবে অধিনায়ক বিরাট কোহলি এ নিয়ে খুব একটা চিন্তিত নন। যেকোনো মুহূর্তেই গেইল তাঁর ফর্ম ফিরে পাবেন বলে তাঁর আশা, ‘সে আমাদের সেরা খেলোয়াড়। টি-টোয়েন্টিতে তাঁর ১৭টি সেঞ্চুরি আছে, এটা কীভাবে ভুলে যান! এ জন্যই তো তাঁর কাছে সবার প্রত্যাশা এত বেশি। আমি তাঁর ফর্ম নিয়ে চিন্তিত নই। অন্যরা তো ভালো করছেনই। যেকোনো মুহূর্তেই ফিরে আসবে ও। যেদিন সবচেয়ে বেশি প্রয়োজন হবে, সেদিনই দেখবেন ও ঠিকই সেঞ্চুরি করেছে।’কথাটা যখন গেইলকে নিয়ে, বেশি কিছু বলেননি কোহলি!

No comments:

Post a Comment