Tuesday, April 19, 2016

গেইল‍‍ + কোহলি +‍ ডি ভিলিয়ার্স = ডি কক!

ডি ককের ব্যাটে কাল পুড়েছে বেঙ্গালুরু
একই দলে ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স আর বিরাট কোহলি। এই সময়ের সবচেয়ে ভয়ংকর তিন ব্যাটসম্যান। নিজেদের দিনে একাই শেষ করে দিতে পারেন ম্যাচ। কাল যেমন গেইলের শূন্য রানে আউটের পর দাঁড়িয়ে গেলেন অন্য দুজন। কোহলি আর ডি ভিলিয়ার্স মিলে রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরুকে তুলে দিলেন ১৯১ রানের চূড়ায়। কে জানত, সেই চূড়ায় এমন অনায়াসেই চড়ে বসবেন কুইন্টন ডি কক! দিল্লি ডেয়ারডেভিল তাই ৭ উইকেটের সহজ জয়ই পেল। এমনিতে ভারত তাঁর প্রিয় প্রতিপক্ষ। ক্যারিয়ারে টানা তিন সেঞ্চুরি পেয়েছিলেন ভারতের বিপক্ষে। আর ভারতের মাঠও কম প্রিয় নয়। এই তো গত বছরে এসে দুটি সেঞ্চুরি করে গিয়েছিলেন। এবার আইপিএলেও সেই ফর্মের ছটা। ৫১ বলে ১০৮ রানের দুর্দান্ত এক ইনিংসে দিল্লিকে পাইয়ে দিলেন দারুণ এক জয়। এবারের আইপিএলে এটাই প্রথম সেঞ্চুরি। বয়স এখনো ২৪ হয়নি। এর মধ্যে ওয়ানডেতে হয়ে গেছে ১০টি সেঞ্চুরি। এবারের আইপিএলেও ব্যাটে রান আসছে। আগের ম্যাচে পাঞ্জাবের সঙ্গে ৫৯ রান করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। কাল অবশ্য আউট হয়ে গেছেন ১০৮ রান করে, তবে দলের জয় তার আগেই এক রকম নিশ্চিত হয়ে গেছে। ১৫টি চার মেরেছেন এই ইনিংসে। সেই তুলনায় ছয় কম, তিনটি। আর পুরো ইনিংসে ডট বল মাত্র ৮টি। আইপিএলে এর চেয়ে কম ডট বলে সেঞ্চুরি করার কীর্তি আছে মাত্র চারটি। কাল ডি কক যে আট বলে রান নিতে পারেননি, সেটাই বরং বিস্ময়ের। কাল এক ইনিংসে তরুণ ডি কক যেন এ সময়ের সেরা তিন ‘দানবীয়’ ব্যাটসম্যানকে হারিয়ে দিলেন একাই!

No comments:

Post a Comment