Tuesday, April 26, 2016

মিসরে ব্যাপক ধরপাকড়

মিসরে আগামী সোমবারের সরকারবিরোধী বিক্ষোভকে সামনে রেখে ব্যাপক ধরপাকড় শুরু করেছে দেশটির পুলিশ। আটক করা ব্যক্তিদের মধ্যে মানবাধিকারকর্মী ও আইনজীবীরাও রয়েছেন। ধরপাকড় এখনো চলছে। সেনাশাসক প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সরকার মিসরের দুটি দ্বীপ সৌদি আরবের কাছে বিক্রি করে দিচ্ছে বলে বিক্ষোভকারীরা অভিযোগ তুলেছেন। একদল আইনজীবী এ কথা জানান। আজ শনিবার বার্তা সংস্থার এএফপির খবরে জানানো হয়, আইনজীবীরা আটক হওয়া ৫৯ জনের একটি তালিকা প্রকাশ করেছেন, যাঁদের গত বৃহস্পতিবার কায়রোতে আটক করা হয়। বাড়ি ও রেস্তোরাঁ থেকে এসব ব্যক্তিকে আটক করা হয়। ধরপাকড় এখনো চলছে। সিসির বিরুদ্ধে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের মধ্যে ৬ এপ্রিলের আন্দোলনকারীরাও রয়েছেন, ২০১১ সালে যাঁরা আরব বসন্তের মাধ্যমে তৎকালীন স্বৈরশাসক হোসনি মোবারককে ক্ষমতাচ্যুত করেন। বিনিয়োগের বিনিময়ে তিরান প্রণালিতে থাকা দুটি দ্বীপ সৌদি আবরের কাছে ‘বিক্রি’ করা হচ্ছে—এমন খবরে সিসির বিরুদ্ধে মিসরে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ১৫ এপ্রিলে কায়রোতে এক হাজারের বেশি মানুষের জমায়েতের মধ্যে দিয়ে বড় ধরনের বিক্ষোভ শুরু হয়। কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের শাসনের পতনের পর এই প্রথম এত মানুষ বিক্ষোভে অংশ নিলেন। এই বিক্ষোভের ডাক দিয়েছেন ধর্মনিরপেক্ষ ও ইসলামপন্থীরা। দ্বীপ বিক্রির বিরুদ্ধে সোচ্চার দেশটির মানুষের বিক্ষোভের মধ্যে দিয়ে সিসির বিরুদ্ধে বড় ধরনের প্রতিবাদ জানানো হলো। পুলিশ এই বিক্ষোভ নিষিদ্ধ করেছে। ২০১৪ সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতাসীন হওয়ার পর থেকে ইসলামপন্থী ও ধর্মনিরপেক্ষ ভিন্নমতাবলম্বীরা সিসির বিরুদ্ধাচরণ করে আসছেন। অনেক মিসরীয় মনে করেন, অস্থিরতার কারণে কয়েক বছর ধরে দেশের ভঙ্গুর অর্থনীতিকে সচল করতে শক্তিশালী একজন নেতার প্রয়োজন। দায়িত্ব গ্রহণের পর থেকে গণমাধ্যমের সমর্থন পেয়েছেন সিসি। তবে সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট ও পুলিশ বাহিনীর কর্মকাণ্ডে তাঁর সরকারের ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

No comments:

Post a Comment