![]() |
| জর্জ ক্লুনি |
বিনোদন
জগতের মানুষদের নিয়ে হরহামেশাই গুজব ছড়ায়। অনেক সময় ভুলভাল খবরও প্রকাশিত
হয়। তাই বলে উড়ো কথার ভিত্তিতে বিশেষ সাক্ষাৎকার! সম্প্রতি
যুক্তরাজ্যভিত্তিক ম্যাগাজিন ‘হ্যালো’ এমনই এক কাজ করেছে। পত্রিকাটি
মার্কিন অভিনেতা জর্জ ক্লুনির একটি বিশেষ সাক্ষাৎকার প্রকাশ করে, যা ছিল
একদম বানোয়াট। জর্জ ক্লুনি এবং তাঁর স্ত্রীর সম্পর্কে কিছুদিন আগে একটি খবর
ছাপায় এই ম্যাগাজিন। ম্যাগাজিনের কর্তৃপক্ষ স্বীকার করেছে যে, এ খবরটি
তারা বিনোদনভিত্তিক একটি সংবাদ সংস্থা থেকে কিনে নিয়েছিল। এটি যে অতিরঞ্জিত
কোনো খবর, সেটা তাদের জানা ছিল না। এর প্রতিক্রিয়ায় ৫৪ বছর বয়সী তারকা
ক্লুনি বলেন, ‘সমস্যা হলো আমি “হ্যালো” ম্যাগাজিনকে কোনো সাক্ষাৎকারই
দিইনি। তারা আমার যেসব উদ্ধৃতি ব্যবহার করেছে, সেগুলো সঠিক নয়।’ তিনি আরও
বলেন, ‘আমাকে ভুলভাবে উদ্ধৃত করার অভিজ্ঞতা এর আগেও হয়েছে। তবে একটি বিশেষ
সাক্ষাৎকার সম্পূর্ণ রংচং মাখিয়ে প্রকাশ করার ঘটনা এটাই প্রথম। এ ধরনের
সাংবাদিকতা খুবই বিরক্তিকর।’ এই ভুলের জন্য ‘হ্যালো’ ম্যাগাজিন জর্জ
ক্লুনির কাছে ক্ষমা চেয়েছে। আর তাদের ওয়েবসাইট থেকে সেই সাক্ষাৎকারটি
সরিয়েও ফেলা হয়েছে। ম্যাগাজিন কর্তৃপক্ষের ভাষ্য, ‘এ খবরটি যে সঠিক নয় তা
আমাদের জানা ছিল না। জর্জ ক্লুনি আর তাঁর স্ত্রী আমাল ক্লুনির প্রতি আমরা
পূর্ণ শ্রদ্ধা প্রকাশ করছি। এখন থেকে আমরা সঠিক সাংবাদিকতার প্রতিশ্রুতি
দিচ্ছি।

No comments:
Post a Comment