Monday, April 18, 2016

বিশ্বব্যাংকের দুই বিশেষজ্ঞ ঢাকায়

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় দেশে এসেছেন বিশ্বব্যাংকের দুই কর্মকর্তা। গতকাল রোববার তাঁরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ও ডেপুটি গভর্নরদের সঙ্গে আলোচনা করেন। এ সময় তাঁরা বাংলাদেশ ব্যাংককে আইনি সহায়তা দিতে সম্মত হয়েছেন বলে জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, রিজার্ভ চুরির পর বিশ্বব্যাংকের আনুষ্ঠানিকভাবে সহায়তা চায় কেন্দ্রীয় ব্যাংক। এর অংশ হিসেবে বিশ্বব্যাংকের আর্থিক খাতের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ কেভিন স্টিফেনসন গত শনিবার চার দিনের সফরে ঢাকায় আসেন। গতকাল কেভিন স্টিফেনসন ও ঢাকা অফিসের আর্থিক খাতের বিশেষজ্ঞ পিয়ানি মালিক গভর্নর ও ডেপুটি গভর্নরদের সঙ্গে আলোচনা করেন। পরে তাঁরা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিটের সঙ্গেও আলোচনা করেন। আলোচনায় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরার পাশাপাশি অর্থ আদায়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা গতকাল সন্ধ্যায় বলেন, ‘বিশ্বব্যাংকের কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপে সন্তুষ্ট হয়েছেন। পাশাপাশি আমাদের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।’ বিদেশি ব্যাংকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ব্যাংক: এদিকে রিজার্ভের অর্থ চুরির ঘটনায় সংশ্লিষ্ট বিদেশি ব্যাংকের গাফিলতি ও তাদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি গতকাল একটি ইংরেজি দৈনিকে বাংলাদেশ ব্যাংকের আইনি পরামর্শক আজমালুল হোসেন কিউসির বক্তব্য ছাপা হয়। তাতে বিদেশি ব্যাংকের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি আলোচনায় উঠে আসে।তবে গতকাল শুভঙ্কর সাহা জানান, রিজার্ভের অর্থ চুরির ঘটনায় বিদেশি কোনো ব্যাংকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ বা মামলা দায়েরের কোনো সিদ্ধান্ত এখনো নেয়নি বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, আজমালুল হোসেন কিউসি আইনি পদক্ষেপ বা মামলা দায়েরের যে সিদ্ধান্তের কথা সংবাদমাধ্যমে বলছেন, তা তাঁর ব্যক্তিগত মত। তাঁর বক্তব্যের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক একমত নয়। শুভঙ্কর সাহা আরও বলেন, রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক বা ফেড, ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত এখনো হয়নি। তবে বাংলাদেশ ব্যাংকের আইনি পরামর্শককে সব ধরনের নথিপত্র সরবরাহ করা হয়েছে। তিনি সেসব পরীক্ষা-নিরীক্ষা করছেন। এ অবস্থায় সংবাদমাধ্যমে তাঁর যে বক্তব্য, সেটি তাঁর ব্যক্তিগত মত।

No comments:

Post a Comment