![]() |
| লাইলা আরজুমান |
রাজশাহীর
বাগমারা উপজেলায় একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী লাইলা আরজুমান ওরফে
লিপি। উপজেলার ১৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৬২ জন প্রতিদ্বন্দ্বিতা
করছেন। লাইলা আরজুমান উপজেলার যোগীপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে
প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী রয়েছেন তিনজন পুরুষ প্রার্থী।
লাইলা আরজুমান এবার নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন। তবে না
পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে রয়েছেন। তাঁর
স্বামী সাইফুল ইসলাম খান এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। একই ইউনিয়নের
আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মাজেদুর রহমান। অপর দুই প্রার্থী হলেন
বিএনপির আরিফুল ইসলাম ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মোস্তফা কামাল।
‘বিদ্রোহী’ প্রার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত: রাজশাহীর বাগমারায় দলীয়
সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা আওয়ামী লীগের
বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি সভা ডেকে
আওয়ামী লীগের উপজেলা শাখার নির্বাহী কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। গত
মঙ্গলবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায়
তাঁদের বহিষ্কারের সুপারিশ করে তা জেলা কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত
নেওয়া হয়। দলের উপজেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি মতিউর রহমান বিষয়টির সত্যতা
নিশ্চিত করেছেন। আগামী ৭ মে উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত
হবে। এবার দলের সিদ্ধান্ত অমান্য করে সাতজন প্রার্থী চেয়ারম্যান পদে
নির্বাচন করছেন। তাঁরা হলেন গোয়ালকান্দি ইউনিয়নের আলমগীর সরকার, গণিপুরের
হারুন অর রশিদ, নরদাশের আবদুর রশিদ, যোগীপাড়ার মোস্তফা কামাল, আউচপাড়ার
শহিদুল ইসলাম, দ্বীপপুরের মকলেছুর রহমান এবং মাড়িয়ার আকবর আলী। তবে এই
প্রার্থীরা বলেন, এ বিষয়ে তাঁরা কিছুই জানেন না।

No comments:
Post a Comment