Thursday, April 28, 2016

বাকরখানিতে ছত্রাক!

চট্টগ্রামের একটি বেকারিতে অভিযান চালিয়ে ছত্রাক পড়া
কালো বাকরখানি জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত
চট্টগ্রামের অলংকার এলাকার ইলিয়াস বেকারিতে পাওয়া গেছে ছত্রাক পড়া কালো বাকরখানি। পুরোনো মিষ্টির রস ব্যবহার করা হচ্ছিল এই বাকরখানিতে। চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই আদালত হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকায় লাইসেন্স ছাড়া আইসক্রিম তৈরির অপরাধে বুলেট মিল্ক আইসবার নামের একটি কারখানা বন্ধ করে দেন। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন। তিনি বলেন, ইলিয়াস বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি করা হচ্ছিল। ছত্রাক পড়া কালো রঙের বাকরখানি ও পুরোনো মিষ্টির রস পাওয়া যায়। এ ছাড়া উৎপাদিত পণ্যের গায়ে উৎপাদন এবং মেয়াদের তারিখ লেখা ছিল না। অন্যদিকে আইসক্রিম কারখানার লাইসেন্সও ছিল না। আদালত সূত্র জানায়, আইসক্রিম কারখানাটি আবাসিক গ্যাস-সংযোগ নিয়ে বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহার করে আসছিল। এ জন্য ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি লাইসেন্স না থাকার কারণে এটি বন্ধ করে দেওয়া হয়। তিন দিনের মাথায় এই প্রতিষ্ঠান দ্বিতীয়বার শাস্তি পেল। গত সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ক্ষতিকর রং ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশের জন্য বুলেট মিল্ক আইসবারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছিল।

No comments:

Post a Comment