Tuesday, April 19, 2016

কোহিনূর ফেরত চায় না ভারত

বৃটিশ রানীর মুকুটে শোভা পাওয়া ঐতিহাসিক হিরা কোহিনূর দশকের পর দশক ধরে ফিরে পাওয়ার চেষ্টা করছে ভারত। কিন্তু এবারে আচমকা সুর বদলেছে ভারত সরকার। তারা বলছেন, কোহিনূর না চুরি হয়েছে না একে জোর করে ছিনিয়ে নেয়া হয়েছে ভারত থেকে। বরং ওই সময়কার ঔপনিবেশিক বৃটিশ শাসকদের উপহার দেয়া হয়েছিল বিশ্বের অন্যতম বৃহৎ এই হিরা। সে কারণেই এর দাবি ছেড়ে দেয়া উচিত ভারতের। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়া। খবরে বলা হয়, বৃটিশ রানীর মুকুট থেকে কোহিনূর ভারতে ফিরিয়ে নিয়ে আসা নিয়ে ভারতের সুপ্রিম কোর্টের এক শুনানিতে গতকাল সরকারপক্ষের আইনজীবী এসব কথা বলেন। দীর্ঘদিন ধরেই কোহিনূর ভারতে ফিরিয়ে নিয়ে আসার দাবি রয়েছে ভারতীয়দের। এর জন্য একাধিকবার উদ্যোগও নেয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। কিন্তু এবারে এসব দাবির সম্পূর্ণ বিপরীত অবস্থান গ্রহণ করেছে মোদি সরকার। সরকার পক্ষের আইনজীবী রণজিত কুমার ভারতের সর্বোচ্চ আদালতে বলেন, ‘এটা চুরিও করা হয়নি, জোর করে ছিনিয়েও নেয়া হয়নি।’ তিনি জানান, ১৮৫১ সালে ভারতীয় রাজা মহারাজা রণজিৎ সিং এটি বৃটেনকে উপহার দিয়েছিলেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিবৃতি দেয়া হবে বলে জানান রণজিত কুমার। সুপ্রিম কোর্টে কোহিনূর ফিরিয়ে নিয়ে আসার এই পিটিশন দায়ের করা হয় অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যান্ড সোস্যাল জাস্টিস ফ্রন্টের পক্ষ থেকে। সংগঠনটির নাফিস আহমেদ সিদ্দিকি বলেন, ‘বৃটিশ শাসকরা ভারত থেকে অনেক কিছুই লুট করে নিয়ে গেছে। আমাদের দাবিকে সমর্থন না করে ভারত সরকার ভুল করছে।’ এর আগে ২০১০ সালে বৃটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ভারত সফরে এলে কোহিনূর বৃটেনেই রাখার পক্ষে মন্তব্য করেন। এবারে সুপ্রিম কোর্টে সরকার পক্ষ কোহিনূর বৃটেনকে উপহার দেয়ার কথা বললেও ইতিহাসবিদদের অনেকেই তা অস্বীকার করেন। তাদের অনেকেরই ধারণা, ১৮৫০ সালে পাঞ্জাবে বৃটিশ গভর্নর জেনারেল ছিলেন মার্কাস ডালহৌসি। তিনি পাঞ্জাবের মহারাজকে কোহিনূর হিরা তৎকালীন বৃটিশ রানী ভিক্টোরিয়াকে ‘উপহার’ দিতে বাধ্য করেছিলেন। উল্লেখ্য, ভারত থেকে কোহিনূর বৃটেনে নিয়ে যাওয়ার পর তা প্রদর্শনের জন্য রাখা হয় টাওয়ার অব লন্ডনে। ১৯৫৩ সালে বর্তমান রানী এলিজাবেথের রাজ্যাভিষেক ঘটলে তার মুকুটে বসানো হয় বিশ্বখ্যাত এই হিরাটি। সম্প্রতি ভারত সফর করে যাওয়া ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন রানী হিসেবে অভিষিক্ত হলে কোহিনূর-খচিত বৃটিশ রাজমুকুটটি শোভা পাবে তার মাথায়।

No comments:

Post a Comment