Saturday, April 30, 2016

বদলির তদবিরে শিক্ষামন্ত্রীর না

নুরুল ইসলাম নাহিদ
সরকারি কলেজশিক্ষকদের বদলির ক্ষেত্রে তদবিরের কঠোর সমালোচনা করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, তাঁর কাছে এ কাজে যত লোক আসেন, তাঁদের ১০০ জনের মধ্যে ৮০ জনই ঢাকায় থাকতে চান। আজ শনিবার রাজধানী ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সরকারি কলেজ অধ্যক্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি বিভিন্ন সরকার কলেজের শিক্ষক সংকটের কথা তুলে ধরেন। মন্ত্রী বলেন, বদলির জন্য ক্ষমতাধর অনেকের কাছ থেকে অনেকে লিখিয়ে নিয়ে আসেন। কিন্তু তাঁদের উদ্দেশে বলছি, এখন থেকে বদলির জন্য সবাইকে অনলাইনে আবেদন করতে হবে। কেউ যদি এটি না করে কারও কাছ থেকে লিখিয়ে আনেন, তাহলে সেটা নেতিবাচক হিসেবে গণ্য হবে। নুরুল ইসলাম নাহিদ বলেন, একটি কলেজে ৩৭টি পদ আছে। কিন্তু কর্মরত আছে মাত্র ছয়জন। সবার শুধু ঢাকা ভালো লাগে। ঢাকার বাইরের ছেলেমেয়েরা কী পড়বে না? মন্ত্রী জানান, তাঁর নিজ এলাকার কলেজেই শিক্ষক সংকট রয়েছে বলে একটি পত্রিকায় এসেছে। অনুষ্ঠানে মন্ত্রী দীর্ঘসময় ধরে পাবলিক পরীক্ষা নেওয়ারও বিপক্ষে কথা বলেন। তিনি বলেন, তিনি ব্যক্তিগতভাবে মনে করেন এসএসসি ও এইচএসসি পরীক্ষার মতো পাবলিক পরীক্ষা ১০ দিনে শেষ হওয়া উচিত। উপস্থিত অধ্যক্ষদের উদ্দেশে তিনি বলেন, কতগুলো পরীক্ষা হলে এএসসি পাস হিসেবে গণ্য করা যায়, সেটি আপনারা ভাববেন। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য দেন শিক্ষাসচিব সোহরাব হোসাইন। এতে সারা দেশের সরকারি কলেজের অধ্যক্ষরা নেন। দ্বিতীয় পর্বে এখন শিক্ষার মান উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা শুরু হয়েছে।

No comments:

Post a Comment