Saturday, April 30, 2016

ধুলাবালিতে একাকার নীলক্ষেত–নিউমার্কেট

পয়োনিষ্কাশন লাইন সংস্কারের নামে প্রায় দুই মাস আগে
নিউমার্কেটের সামনের সড়কের অর্ধেক খোঁ​ড়াখুঁড়ি করা
হয়েছিল৷ সড়কটি এখনো সংস্কার করা হয়নি
রাজধানীর নিউমার্কেট ও নীলক্ষেত এলাকার প্রায় আড়াই হাজার মিটার সড়ক দুই মাসেও সংস্কার করা হয়নি। পয়োনিষ্কাশনের লাইন সংস্কারের নামে এসব সড়ক খোঁড়াখুঁড়ি করা হয়েছিল। স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের প্রায় অর্ধেক অংশ খুঁড়ে রাখায় এই পথে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। ধুলাবালিতে পুরো এলাকা আচ্ছন্ন হয়ে আছে। সারা দিনই এই এলাকায় লেগে থাকে যানজট। এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-১-এর অধীন। গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, মিরপুর সড়কের বদরুদ্দোজা সুপার মার্কেটের সামনে (ঢাকা কলেজের বিপরীত) থেকে নিউমার্কেট-নীলক্ষেত মোড় পর্যন্ত সড়কের অর্ধাংশ কেটে পয়োনিষ্কাশনের লাইন বসানো হয়েছে। একইভাবে নিউমার্কেট মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পশ্চিম ফটক ও বিজিবি ১ নম্বর ফটক পর্যন্ত সড়ক খোঁড়া হয়েছে। পয়োনিষ্কাশন লাইনের নির্মাণকাজ শেষ হয়েছে। এখন লাইনের ওপর ইট-বালি বিছানো হয়েছে। এসব এলাকার সড়কে লেগে আছে যানজট। বাতাসে উড়ছে ধুলাবালি। নাক-মুখ ঢেকে চলাচল করছে পথচারীরা। নীলক্ষেতে অবস্থিত সড়কের পাশের দোকানগুলোতে ধুলাবালির আবরণ পড়ে আছে। নিউমার্কেট থেকে কেনাকাটা করে পরিবার নিয়ে আজিমপুরের বাসায় ফিরছিলেন আনিসুল ইসলাম। তিনি বলেন, প্রতিদিনই তিনি বিভিন্ন কাজে এই সড়ক দিয়ে শাহবাগে যাতায়াত করেন। কিন্তু ধুলাবালিতে গা গিজগিজ করে। নাক-মুখ রুমাল দিয়ে ঢেকে রাখতে হয়। নীলক্ষেতের বই ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ‘সড়কটি খোঁড়াখুঁড়ির পর থেকে ধুলাবালিতে দোকানে বসা যায় না। ঘণ্টায় ঘণ্টায় দোকান ঝাড়ু দেওয়া লাগে। ক্রেতারাও বেশিক্ষণ দোকানে অবস্থান করতে চান না। এ ছাড়া সড়কের পাশের অধিকাংশ দোকানের কর্মীই মাস্ক পরে থাকেন।’ ডিএসসিসির প্রকৌশল বিভাগ সূত্র জানায়, গত ফেব্রুয়ারির শেষ দিকে সড়কের অর্ধেকজুড়ে খোঁড়াখঁুড়ি করেছে ঢাকা ওয়াসা। সড়ক গভীর করেছে প্রায় ১৭ ফুট। মার্চের শেষ দিকে ওয়াসার পয়োনিষ্কাশন লাইনের নির্মাণকাজ শেষ করার কথা ছিল। কিন্তু তারা নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি। এতে এলাকার জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-১) শাহিনা খাতুন প্রথম আলোকে বলেন, ডিএসসিসির অনুমতি নিয়ে ওয়াসা এই সড়কে খোঁড়াখঁুড়ি করেছিল। কিছুদিন আগে তাদের কাজ শেষ হয়েছে। এখন সড়কে বালি ও ইট-পাথর ফেলা হয়েছে। কিছুদিনের মধ্যেই সড়কটি ঠিক করা হবে।

No comments:

Post a Comment