Wednesday, April 27, 2016

চেরনোবিল বিপর্যয়ের শিকারদের স্মরণ করল ইউক্রেন

ইউক্রেনের কিয়েভে চেরনোবিল বিপর্যয়ের এক স্মরণ অনুষ্ঠানে
গতকাল দুর্ঘটনার শিকার স্বজনের ছবি হাতে এক বৃদ্ধা
মোমবাতি প্রজ্বালন, স্মরণসভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার চেরনোবিল বিস্ফোরণের ৩০তম বার্ষিকী পালন করেছে ইউক্রেনবাসী। ১৯৮৬ সালের ২৬ এপ্রিল ইউক্রেনের চেরনোবিলে অবস্থিত সাবেক সোভিয়েত ইউনিয়ন পরিচালিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। আন্তর্জাতিক পারমাণবিক দুর্ঘটনার মাপকাঠিতে এ বিস্ফোরণকে সপ্তম স্তরের দুর্যোগ বলে চিহ্নিত করা হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবেই মৃত্যু হয় ৩১ জনের। বেলারুশ, ইউক্রেন, রাশিয়াসহ ইউরোপের বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয়তা। জাতিসংঘ-সমর্থিত চেরনোবিল ফোরাম ২০০৫ সালে এক প্রতিবেদনে জানায়, ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তার কারণে অন্তত নয় হাজার মানুষের মৃত্যু হয়েছে। তবে কয়েকটি সংগঠনের দাবি, এ সংখ্যা আরও বেশি। দুর্ঘটনাস্থলের আশপাশজুড়ে বিশাল এলাকা এখনো বিপজ্জনক হিসেবে চিহ্নিত। দিবসটি স্মরণে সোমবার দিবাগত রাত ১টা ২৩ মিনিটে ইউক্রেনজুড়ে গির্জাগুলোয় একযোগে ঘণ্টা বেজে ওঠে। বাজানো হয় সাইরেনও। ৩০ বছর আগে ঠিক এই সময়টাতেই চেরনোবিলে প্রথম বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এ ছাড়া স্লাভুতিচ শহরসহ ইউক্রেনের বিভিন্ন শহরের গির্জায় বিস্ফোরণের ঘটনায় নিহত মানুষদের স্মরণে স্বজনেরা মোমবাতি জ্বালান। চেরনোবিল দুর্ঘটনার পর সেখানকার অধিবাসীদের স্লাভুতিচ শহরে স্থানান্তর করা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো রাজধানী কিয়েভে এক স্মরণসভায় যোগ দেন। এ সময় দেশব্যাপী সেদিনের ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

No comments:

Post a Comment