Wednesday, April 27, 2016

জরিপে এগিয়ে হিলারি ও ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প, হিলারি ক্লিনটন
যুক্তরাষ্ট্রের পাঁচটি পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যে গতকাল মঙ্গলবারের বাছাই নির্বাচনের প্রতিটিতেই জনমত জরিপে এগিয়ে ছিলেন হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প। ভোটের ফলে জনমতের এই পূর্বাভাস সত্যি প্রমাণিত হলে হিলারি তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী সিনেটর বার্নি স্যান্ডার্সের নাগালের বাইরে চলে যাবেন। অন্যদিকে, একই রকম চমক দেখাতে পারলে মনোনয়ন নিশ্চিত না হলেও পেছনের দরজা দিয়ে ট্রাম্পকে টপকে কারোর মনোনয়ন ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা কমে আসবে বহুলাংশে। বার্নি স্যান্ডার্সের নির্বাচনী অভিযান যুক্তরাষ্ট্রে শহুরে শ্বেতকায় ও শিক্ষিত তরুণদের মধ্যে যে অভাবিত জাগরণ এনেছে, তা নির্বাচনী সাফল্যে পরিণত হয়নি। তার প্রধান কারণ, আফ্রিকান-আমেরিকান অর্থাৎ কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক অভিবাসীদের মধ্যে তাঁর সীমিত সমর্থন। অন্যদিকে, এই সংখ্যালঘু গোষ্ঠী ও অংশত পঞ্চাশোর্ধ্ব নারীদের সমর্থনের জোরে হিলারি নগর-প্রধান রাজ্যগুলোয় পেয়েছেন বড় জয়। তার সর্বশেষ উদাহরণ ছিল নিউইয়র্ক, যেখানে তিনি স্যান্ডার্সকে ১৬ পয়েন্টে ধরাশায়ী করেন। গতকাল প্রাইমারি ভোট হওয়া পাঁচটি পূর্বাঞ্চলীয় রাজ্যের প্রতিটিতেই উল্লেখযোগ্য সংখ্যক কৃষ্ণাঙ্গ ভোটার রয়েছেন। রোড আইল্যান্ড ছাড়া বাকি চারটি রাজ্যেই হিলারি জরিপে এগিয়ে। কোনো কোনোটিতে স্যান্ডার্সের সঙ্গে তাঁর ব্যবধান ১০ বা তার চেয়েও বেশি পয়েন্ট। রিপাবলিকান পক্ষেও জনসংখ্যাগত তারতম্য ট্রাম্পের জন্য সুবিধাজনক অবস্থার সৃষ্টি করেছে। অতি রক্ষণশীল ক্রুজ ইভাঞ্জেলিক্যাল খ্রিষ্টান সমর্থন-বলয়ের বাইরে মোটেই জনপ্রিয় নন। তৃতীয় প্রার্থী গভর্নর কেইসিক তাঁর নিজের রাজ্য ওহাইও ছাড়া কোথাও উল্লেখযোগ্য সমর্থন পাননি। কিন্তু প্রায় সব কটি রাজ্যেই চমৎকার ফল করে প্রতিপক্ষকে চাপে ফেলে দিয়েছেন ট্রাম্প। জনমত জরিপ অনুসারে মঙ্গলবারের ভোটে ট্রাম্প তাঁর অবশিষ্ট দুই প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২০ পয়েন্ট (পেনসিলভানিয়া) থেকে ৩৭ পয়েন্টে (রোড আইল্যান্ড) এগিয়ে রয়েছেন। যদি পাঁচ রাজ্যেই তিনি প্রত্যাশামতো ৫০ শতাংশের বেশি ভোট পান, ডেলিগেট গণনায় নির্ধারিত লক্ষ্য, অর্থাৎ ১২৩৭-এর কাছাকাছি পৌঁছে যাবেন তিনি। এদিকে ট্রাম্পকে ঠেকাতে টেড ক্রুজ ও গভর্নর জন কেইসিক নিজেদের মধ্যে যে অলিখিত সন্ধি করেছেন, ট্রাম্প তার নিন্দা করেছেন। এই ‘দুর্বল’ ও ‘করুণাজনক’ ফর্মুলায় তাঁর জয়রথ থামানো যাবে না বলে মন্তব্য করেছেন তিনি।

No comments:

Post a Comment