Monday, April 4, 2016

সাভারের শিল্পনগরী নিয়ে শিল্পমন্ত্রীর চ্যালেঞ্জ

হাজারীবাগের ট্যানারি মালিকদের অবিলম্বে সাভারের চামড়াশিল্প নগরীতে কারখানা সরিয়ে নিতে বলেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেছেন, ‘ইমিডিয়েটলি কারখানা সরাতে হবে। এটির কোনো বিকল্প নেই।’ আমির হোসেন এ সময় আরও বলেন, ‘আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, সাভারের শিল্পনগরীতে ৪০-৬০টি কারখানা চালু করার মতো অবস্থানে আমরা রয়েছি। দেড় মাস আগে ফেব্রুয়ারি মাসে আমি প্রকাশ্যে বলেছিলাম, ১ এপ্রিল থেকে হাজারীবাগে কোনো ধরনের কাঁচা চামড়া ঢুকতে দেওয়া হবে না।’ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল রোববার শুরু হওয়া পাঁচ দিনব্যাপী জাতীয় এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন। এসএমই ফাউন্ডেশন এই মেলার আয়োজক। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করার পর ট্যানারি স্থানান্তর বিষয়ে সুনির্দিষ্ট নাম না উল্লেখ করে দু-একটি সংবাদপত্রের ওপর ক্ষোভ প্রকাশ করেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, ‘আমি বুঝতে পারি না, এই সংবাদপত্রগুলো এত দিন সরকারের বিরুদ্ধে বলে আসছিল ট্যানারি সাভারের শিল্পনগরীতে সরাতে উদ্যোগ নিচ্ছে না। আজকে যখন ব্যবস্থা নেওয়া হলো, তখন তারা (সংবাদপত্র) ভোল পাল্টাল। তারা আজকে লিখছে, কাঁচা চামড়া পচে যাচ্ছে। সরকার প্রস্তুত নয়।’ শিল্পমন্ত্রী আরও বলেন, ‘যুগ যুগ ধরে যেসব ব্যবসায়ী মানুষকে হুমকির মধ্যে রেখেছেন, চামড়া শিল্পনগরীর প্রকল্প নেওয়ার পরও সেটি বাস্তবায়নে পদক্ষেপ নেননি, আজকে হঠাৎ সংবাদপত্রগুলো কেন তাঁদের (ব্যবসায়ীদের) পক্ষ নিল? তবে গুটিকয়েক মানুষের জন্য কোটি কোটি সাধারণ মানুষের জীবন বিপন্ন হতে দিতে পারি না আমরা।’ তিনি বলেন, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা থেকে শুরু করে ঢাকার আশপাশের নদ-নদী বিষাক্ত হয়ে গেছে। এ খেলা আর চলতে দেওয়া যায় না। সংবাদপত্রে লেখা হচ্ছে, ‘শিল্পনগরীতে গ্যাস ও বিদ্যুৎ পাচ্ছেন না ব্যবসায়ীরা।’ এমন তথ্য দিয়ে শিল্পমন্ত্রী বলেন, ‘গ্যাস নেওয়ার দায়িত্ব কার? যিনি ওখানে মিল স্থাপন করবেন বা চালু করবেন, তিনি যখনই আবেদন করবেন, সেই মুহূর্তে গ্যাস পাবেন। একইভাবে বিদ্যুতের জন্য আবেদন করলে বিদ্যুৎ পাবেন। কিন্তু বলা হচ্ছে, গ্যাস নেই, বিদ্যুৎ নেই।’ তিনি আরও বলেন, গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের কথা হয়েছে। তারা সংযোগ দিতে প্রস্তুত। ব্যবসায়ীরা কেন নিচ্ছেন না?

No comments:

Post a Comment