Monday, April 18, 2016

রুসেফ অভিশংসন ভোটে হেরেছেন

দিলমা রুসেফ
ব্রাজিলের আইনসভার নিম্নকক্ষে অভিশংসন ভোটে হেরে গেছেন দেশটির প্রেসিডেন্ট দিলমা রুসেফ। এখন অভিশংসনের প্রস্তাবটি দেশটির আইনসভার উচ্চকক্ষ বা সিনেটে পাঠানো হবে। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। রুসেফকে অভিশংসিত করা হবে কি না, তা নিয়ে লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির এই দেশটির আইনসভার নিম্নকক্ষে গতকাল রোববার ভোট হয়। অভিশংসনের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ ভোট সহজেই অর্জন করে বিরোধীরা। প্রস্তাবটি এখন ৮১ আসনের সিনেটে পাঠানো হবে। সিনেটে যদি প্রস্তাবটি সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় অনুমোদিত হয়, তবে প্রেসিডেন্টের বিচার-প্রক্রিয়া শুরু হবে। তখন থেকে ছয় মাস রুসেফ প্রেসিডেন্ট পদ থেকে সাময়িক বরখাস্ত থাকবেন। এ সময় ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব পালন করবেন। পরে সিনেটে অভিশংসন প্রস্তাব দুই-তৃতীয়াংশ ভোটে পাস হলে রুসেফকে প্রেসিডেন্টের পদ থেকে স্থায়ীভাবে সরে দাঁড়াতে হবে।২০১৪ সালে পুনর্নির্বাচিত হওয়ার আগে প্রেসিডেন্ট রুসেফ অবৈধভাবে আর্থিক সাফল্যের ব্যাপারে মিথ্যা হিসাব দেখিয়েছেন বলে অভিযোগ রয়েছে। রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানির একটি বড় দুর্নীতিতে তাঁর নাম এসেছে। এ ছাড়া বড় ধরনের অর্থনৈতিক ধসের জন্যও তাঁর সরকারকে বিরোধীরা দায়ী করে আসছেন। রুসেফ অভিযোগ অস্বীকার করে অভিশংসনের ভোটকে ‘অভ্যুত্থানচেষ্টা’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, এটা তাঁকে ‘ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র’। এর জন্য রুসেফ ভাইস প্রেসিডেন্ট মিশেল তেমেরকে দায়ী করেছেন।অভিশংসন থেকে রক্ষা পেতে শেষ চেষ্টা হিসেবে আইনপ্রণেতাদের সঙ্গে কথা বলেছিলেন রুসেফ। কিন্তু তা কাজে আসেনি। এ ছাড়া গতকালের ভোটের ওপর সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছিল। দেশটির সুপ্রিম কোর্ট তা খারিজ করেছেন।

No comments:

Post a Comment