Monday, April 11, 2016

বদলে গেল ‘শেষ প্রহর’ ছবির নাম

‘ছিটমহল’ ছবির দৃশ্যে পিয়া, শিমুল খান ও মৌসুমী হামিদ।
বাংলাদেশ ও ভারতের ছিটমহলের নাগরিকদের দুঃখ-দুর্দশা, জীবনপ্রবাহের টানাপোড়েন নিয়ে গত বছরের শেষ দিকে শুরু হয় ‘শেষ প্রহর’ ছবির শুটিং। এখন ছবিটির শুটিং প্রায় শেষের দিকে। শেষ দিকে এসে জানা গেল, ‘শেষ প্রহর’ ছবির নাম বদলে গেছে। এই ছবির নতুন নাম ‘ছিটমহল’। ছবিটির নাম পরিবর্তনের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন এই ছবির অন্যতম অভিনেতা ও সহপ্রযোজক শিমুল খান। ‘ছিটমহল’ ছবিটির পরিচালক এইচ আর হাবিব। পাশাপাশি এই ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। ছবির প্রধান চরিত্রের অন্য অভিনয়শিল্পীরা হলেন মৌসুমী হামিদ, জান্নাতুল ফেরদৌস পিয়া ও আরমান পারভেজ মুরাদ। নাম পরিবর্তন প্রসঙ্গে তাঁর ভাষ্য, ছবির গল্পের দাবিতেই নামটি শেষ পর্যন্ত পরিবর্তন করা হলো। যার ফলে এবার ছবিটির গল্পের সঙ্গে নামের সংযোগ খুঁজে পাবেন দর্শকেরা। ‘ছিটমহল’ ছবি প্রসঙ্গে শিমুল খান বললেন, ‘এটি মূলত একটি দেশপ্রেমের ছবি। ছিটমহলে বসবাসকারী একটি হিন্দু পরিবারের জীবনপ্রবাহের টানাপোড়েন নিয়ে এর কাহিনি আবর্তিত হয়েছে। ছবিটিতে আমার স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন মৌসুমী হামিদ। আর আমার বিধবা বোনের চরিত্রটি করবেন জান্নাতুল ফেরদৌস পিয়া।’ আজ রোববার থেকে বিক্রমপুরের শ্রীনগরের বাড়ৈখালি ইউনিয়নের শিবরামপুরের বিভিন্ন স্থানে এর শেষ অংশের কাজ শুরু হবে। চলবে টানা তিন দিন। শিকড় কথাচিত্রের ব্যানারে নির্মাণাধীন এ ছবিটির সার্বিক সহযোগিতায় ও সহপ্রযোজনায় রয়েছে শিমুল খান মোশন পিকচার্স।

No comments:

Post a Comment