Monday, April 11, 2016

চার তরুণের আবৃত্তি অ্যালবাম ‘জনান্তিকে’

জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আবৃত্তির নতুন অ্যালবাম
‘জনান্তিকে’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শিল্পী ও অতিথিরা
বাংলা নতুন বছর উদ্‌যাপন উপলক্ষে প্রকাশ পেল আবৃত্তির নতুন অ্যালবাম ‘জনান্তিকে’। এই অ্যালবামে কণ্ঠ দিয়েছেন আবৃত্তি সংগঠন হরবোলার চারজন প্রতিশ্রুতিশীল তরুণ শিল্পী—জহির রায়হান, ইকবাল হোসাইন, জোবায়দা লাবণী ও রুশনান মুর্তজা। রোববার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, নন্দিত আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা, আবৃত্তিশিল্পী রুপা চক্রবর্তী, মাসকুর ই সাত্তারসহ অনেকে। অনুষ্ঠানে গোলাম কুদ্দুছ বলেন, তরুণ শিল্পীদের নিয়ে এই প্রচেষ্টা আমাদের আবৃত্তিশিল্পকে সমৃদ্ধ করেছে। কবিতা মানুষের কাছে পৌঁছে দেয় আবৃত্তিশিল্পীরা। আবৃত্তি আমাদের জীবনসংগ্রামের হাতিয়ার। তাই আবৃত্তিশিল্পীদের পৃষ্ঠপোষকতা করতে হবে। তরুণ শিল্পীদের নিয়ে এই আয়োজনটির যেন ধারাবাহিকতা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিমুল মুস্তাফা। অ্যালবামটিতে জহির রায়হানের কণ্ঠে শোনা যাবে, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ কবিতা ‘মানুষের মানচিত্র’, ভাস্কর চৌধুরীর ‘আমার বন্ধু নিরঞ্জন’ ও ফারুক ওয়াসিফের ‘ফেলানীরা নদী হয়ে সীমান্ত পেরোচ্ছে প্রতিরাতে’। ইকবাল হোসাইনের কণ্ঠে শোনা যাবে, আবুল হাসানের কবিতা ‘জন্ম মৃত্যু জীবনযাপন’, নির্মলেন্দু গুণের ‘শালিক পাখির গল্প’, মারুফ রায়হানের ‘সবুজ শাড়িতে লাল রক্তের ছোপ’ ও আসাদুল ইসলামের ‘বিস্মৃতির বরফ’। জোবায়দা লাবণীর কণ্ঠে শোনা যাবে, প্রমোদ বসুর ‘দাম্পত্য’, কবিতা সিংহের ‘আমিই সেই মেয়েটি’, তসলিমা নাসরীনের ‘রুদ্রকে লেখা চিঠি’ ও মাহফুজা হিলালীর ‘স্বীয় সঙ্গোপনে ১ ’। রুশনান মূর্তজার কণ্ঠে শোনা যাবে, রফিক আজাদের ‘দুঃখ-কষ্ট’, হারুন-উর রশীদের ‘আমরা চলেছি আজ রক্তের মিছিলে’, সুবোধ সরকারের ‘আমেরিকা’ ও অপর্ণা হালদারের ‘কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বরাবর’। এ ছাড়া ইকবাল হোসাইন ও রুশনান মূর্তজার ডুয়েট কণ্ঠে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অনন্ত প্রেম’ এবং জহির রায়হান ও জোবায়দা লাবণীর ডুয়েট কণ্ঠে থাকছে অনিন্দ্য অমাতের ‘যে শহর হাত ধরার বিপরীতে’। প্রচ্ছদপট এঁকেছেন গৌতম ঘোষ, গ্রাফিক ডিজাইন করেছেন নাহিদ হোসাইন। অ্যালবামটির সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনা দিয়েছেন মজুমদার বিপ্লব।

No comments:

Post a Comment