দুই
সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকার পর সোহাগী জাহান তনুর ছোট ভাইয়ের
বন্ধু মিজানুর রহমান ওরফে সোহাগ বাড়ি ফিরেছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে
পাঁচটার দিকে মিজানুর কুমিল্লার বুড়িচং উপজেলার নারায়ণসার গ্রামে নিজ
বাড়িতে ফেরেন। ফজরের নামাজের পর মুসল্লিরা মিজানুরকে লুঙ্গি পরা অবস্থায়
বাড়ির কাছাকাছি রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখেন। পরে মুসল্লিরা তাঁকে
বাড়িতে নিয়ে যান। মিজানুরের বড় বোন খালেদা আক্তার প্রথম আলোকে বলেন,
মিজানুর যে লুঙ্গি পরে বাড়ি থেকে গিয়েছিলেন, সেই লুঙ্গি পরেই ফিরে
এসেছেন। তিনি যেখানে ছিলেন, ভালো ছিলেন বলে পরিবারকে জানিয়েছেন। মিজানুর
কোথায় ছিলেন, জানতে চাইলে খালেদা বলেন, মিজানুর এখন খুবই ক্লান্ত। তাঁর
সঙ্গে এ ব্যাপারে কথা হয়নি। গত ২৭ মার্চ গভীর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী
কোনো বাহিনীর পরিচয় দিয়ে একদল লোক মিজানুরকে নিয়ে যায় বলে তাঁর পরিবার
জানিয়েছিল। দুই সপ্তাহেরও বেশি সময় মিজানুরের কোনো খোঁজ মেলেনি। পরিবারের
সদস্যদের ধারণা, তনু হত্যার পর তাঁর ছোট ভাই আনোয়ার হোসেনের সঙ্গে
মুঠোফোনে কথা বলার কারণেই মিজানুরকে সরকারি কোনো বাহিনীর সদস্যরা ধরে নিয়ে
গেছেন। এ জন্য তাঁরা পুলিশ, র্যাব ও গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে
ধরনা দিয়েছেন, কিন্তু ছেলের খোঁজ পাননি। আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো
বাহিনী মিজানুরকে ধরে নেওয়ার কথা স্বীকার করেনি, আবার তাঁকে উদ্ধারও করতে
পারেনি। পরিবারের পক্ষ থেকে ৩০ মার্চ এ ঘটনায় বুড়িচং থানায় একটি সাধারণ
ডায়েরি (জিডি) করা হয়। জিডিতে বলা হয়, ২৭ মার্চ রাত একটায়
সাদাপোশাকধারী লোক তিনটি মাইক্রোবাস নিয়ে এসে মিজানুরের বাড়িতে তল্লাশি
চালায়। এ সময় তাঁকে নিয়ে চলে যায়। পরদিন পরিবারের সদস্যরা র্যাব ও
গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে খোঁজ নিয়ে তাঁর অবস্থান সম্পর্কে
জানতে পারেননি।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment