Thursday, April 7, 2016

দেশে সবচেয়ে সস্তা মানুষের জীবন: এরশাদ

এইচ এম এরশাদ। ফাইল ছবি
কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, দুবার তাঁর (তনু) লাশ তোলা হলো। কোনো কিছু পাওয়া যাচ্ছে না। কয়েক দিন পর দেখবেন, বলা হবে তনু নামে কোনো মেয়েই ছিল না। সব মিথ্যা, মিডিয়ার প্রচার। দেশে আইনশৃঙ্খলার অভাব। এখন দেশে সবচেয়ে সস্তা মানুষের জীবন।
আজ বৃহস্পতিবার বগুড়া জেলা জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এইচ এম এরশাদ।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের কঠোর সমালোচনা করে এরশাদ বলেছেন, তিনি আজিজ মার্কা সিইসির চেয়েও খারাপ। এই লোককে প্রধান নির্বাচন কমিশনার রেখে দেশে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু হচ্ছে না দাবি করে এরশাদ বলেন, আপনারা কয়েক দফা নির্বাচন দেখেছেন। এ পর্যন্ত ৪০ জন মানুষ মারা গেছে। নির্বাচনের পরও মানুষ মারা যাচ্ছে। মানুষের জীবনে কোনো মূল্য নেই। ভোট দিতে গিয়ে মানুষ লাশ হয়ে ফিরে আসবে—এমনটা কখনো দেখিনি। অথচ তিনি (সিইসি) বলেছেন, ‘নির্বাচন সুষ্ঠু হয়েছে।’ সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টির ভোটে বাক্সে জায়গা হবে না।
বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত ওই কর্মী সমাবেশে দেশে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই উল্লেখ করে এরশাদ বলেন, আওয়ামী লীগ বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে, পারেনি। প্রতিবছর হাজার হাজার শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। টাকা ছাড়া দেশে কোনো চাকরি হয় না। পুলিশের কনস্টেবলের চাকরি নিতেও লাখ টাকা লাগে। মেধার কোনো মূল্য নেই। টাকা ও আওয়ামী লীগ—এ দুটি ছাড়া চাকরি মেলে না।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, দেশজুড়ে এখন খুন-গুমের উৎকণ্ঠা। বৈশাখের অনুষ্ঠান করা যাবে না। মানুষের স্বাভাবিক অধিকার সংকুচিত করা হচ্ছে। সামাজিক ও অর্থনৈতিক অবস্থা করুণ। দেশে বিরাজনীতিকরণ চলছে। জনগণের মতপ্রকাশের সুযোগ নেই। জনগণ শাসিত ও শোষিত হচ্ছে।
সাবেক এই বাণিজ্যমন্ত্রী আরও বলেন, দেশে কোনো সুশাসন নেই। আওয়ামী লীগ প্রশাসননির্ভর অপরাজনীতি আর বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতি করছে। এই সংকটকালে জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে হবে জাপাকে। এ জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।
বগুড়া জেলা জাপার সভাপতি ও সাংসদ শরিফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে পার্টির মহাসচিব ও সাংসদ এ বি এম রুহুল আমিন হাওলাদার, জেলা জাপার সাধারণ সম্পাদক ও সাংসদ নুরুল ইসলাম ওমর, সাংসদ নুরুল ইসলাম তালুকদার এবং আলতাফ আলী প্রমুখ বক্তব্য দেন।
সম্মেলনে হট্টগোল
এরশাদের উপস্থিতিতেই সম্মেলনের বক্তা হিসেবে সাংসদ আলতাফ আলীর নাম ঘোষণার পরপরই সাংসদের দিকে তেড়ে আসেন নেতা-কর্মীরা। এ সময় সম্মেলন স্থলে হট্টগোল শুরু হয়। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে রক্ষা পান সাংসদ আলতাফ।
শেষে সাংসদ শরিফুল ইসলামকে পুনরায় সভাপতি এবং সাংসদ নুরুল ইসলাম ওমরকে পুনরায় সাধারণ সম্পাদক ঘোষণা দিয়ে সম্মেলন স্থল ত্যাগ করেন জাপার চেয়ারম্যান।

No comments:

Post a Comment