Saturday, April 30, 2016

শাহাদাতের ভুল স্বীকার

কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে
সংবাদ সম্মেলনে শাহাদাত হোসেন
ঢাকা প্রিমিয়ার লিগের ব্রাদার্স-কলাবাগান ক্রিকেট একাডেমির ম্যাচ চলছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বেলা ২টার দিকে গ্র্যান্ড স্ট্যান্ডে এলেন শাহাদাত হোসেন। খেলা দেখতে নয়, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে! সেখানে তিনি নিজের ভুল স্বীকার করলেন; ক্ষমা চাইলেন দেশ ও জাতির কাছে। কাল শাহাদাতের মুখচ্ছবিই বলে দিচ্ছিল, কতটা বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি। হতাশাভরা কণ্ঠে সবার কাছে ক্ষমা চাইলেন এই পেসার, ‘আমি আমার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য অনুতপ্ত। পুরো দেশ ও জাতির কাছে ক্ষমা চাচ্ছি। বিসিবির প্রেসিডেন্টসহ সব বোর্ড কর্মকর্তা ও আমার সহ-খেলোয়াড়দের কাছে ক্ষমা চাচ্ছি। মানুষমাত্রই ভুল করে, আমিও করেছি।’ গত সেপ্টেম্বরে গৃহপরিচারিকা নির্যাতনের মামলায় দুই মাস আট দিন জেল খেটে ১২ ডিসেম্বর থেকে জামিনে আছেন শাহাদাত। বিসিবির সহায়তায় শুরু করেছিলেন পুনর্বাসন। তৈরি হচ্ছিলেন ঢাকা লিগ খেলার জন্য। নির্যাতনের শিকার শিশু গৃহপরিচারিকার পরিবারের সঙ্গে সমঝোতা হওয়া এবং আদালতের একটি নির্দেশনার কথা জানিয়ে শাহাদাত জাতীয় ক্রিকেট লিগ ও ঢাকা প্রিমিয়ার লিগ খেলার অনুমতি চেয়েছিলেন। কিন্তু বিষয়টি আদালতের বিচারাধীন বলে তাঁকে লিগ খেলার অনুমতি দেয়নি বিসিবির শৃঙ্খলা কমিটি। শাহাদাত শিগগিরই ক্রিকেটে ফিরতে পারবেন কি না, সেটি পরিষ্কার বলতে পারেননি বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ‘শৃঙ্খলা কমিটি এ বিষয়ে যে সিদ্ধান্ত দিয়েছে, সেটি এখনো বহাল আছে। তারপরও বোর্ড যদি বিষয়টি পুনর্বিবেচনা করে, সেটি পরবর্তী নীতিনির্ধারণী সভা ছাড়া সম্ভব নয়। এ মুহূর্তে তাই কিছু বলতে পারছি না।’

No comments:

Post a Comment