![]() |
| জাতীয় নাট্যশালায় গতকাল নাট্যজন ইনামুল হক ও সারা যাকেরের হাত সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি স্মারক সম্মাননা তুলে দেওয়া হয় |
‘চরম
সংকটকালে মহিলা সমিতির মাধ্যমে ঢাকার নাটকের প্রসার ও বিকাশ ঘটে। সেই
সংকটকালে আমরা এ দেশের নাট্যানুরাগীদের শিল্পমানসম্পন্ন নাটক উপহার দিতে
সক্ষম হয়েছিলাম। এখন সুযোগ-সুবিধা অনেক বেড়েছে। কিন্তু এর মধ্যে আমরা
আমাদের শিল্প থেকে বিচ্যুত হয়ে পড়েছি। পারিপার্শ্বিকতার উন্নয়ন ঘটলেও
আমাদের নাটকের উন্নয়ন তেমনভাবে ঘটেনি। পদাতিকের সৈয়দ বদরুদ্দীন হোসাইন
স্মৃতি স্মারক সম্মাননা যাঁরা পেয়েছেন, তাঁরা আমাদের নাট্যচর্চা ও নাট্য
আন্দোলনের দুঃসময়ের কান্ডারি।’ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় পদাতিক
নাট্য সংসদ আয়োজিত সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি স্মারক সম্মাননা প্রদান
অনুষ্ঠানে এমন মন্তব্য করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ বছর
সম্মাননা পেয়েছেন নাট্যজন ইনামুল হক ও নাট্যাভিনেত্রী সারা যাকের। পদাতিক
নাট্য সংসদের আয়োজনে পাঁচ দিনব্যাপী উৎসবের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার
সন্ধ্যায় এই দুই গুণীর হাতে স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি
আসাদুজ্জামান নূর। দলের সভাপতি সৈয়দ তাসনীম হোসেইনের সভাপতিত্বে এতে অতিথি
ছিলেন রামেন্দু মজুমদার ও মামুনুর রশীদ। স্বাগত বক্তৃতা করেন পদাতিকের
নাট্যকর্মী ও সাংবাদিক কাজী রফিক। এরপর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে
মঞ্চায়ন হয় পদাতিক নাট্য সংসদ প্রযোজিত নাটক কালরাত্রি ও একই সময়ে পরীক্ষণ
থিয়েটার মিলনায়তনে মঞ্চায়ন হয় মহাকাল নাট্যসম্প্রদায়ের নাটক নীলাখ্যান। ১১
এপ্রিল শেষ হবে পাঁচ দিনের এই নাট্যোৎসব।

No comments:
Post a Comment